বিচ্ছেদের আবেদন করলেন লিবার্টি রোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে প্রতারণার দায়ে অবশেষে নির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত করলেন তাঁর স্ত্রী লিবার্টি রোজ। সম্প্রতি এক খবরে টিএমজি জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন ৩৪ বছর বয়সী এ ব্রিটিশ মডেল ও অভিনেত্রী।২০০২ সালে ব্রিটিশ চলচ্চিত্রনির্মাতা রুপার্ট স্যান্ডারসকে বিয়ে করেছিলেন রোজ। উজ্জ্বল ক্যারিয়ার গড়ার লক্ষ্যে মার্কিন মুল্লুকে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিলে স্যান্ডারসের সঙ্গে রোজও নিজ দেশ ছেড়ে লস অ্যাঞ্জেলেসে বসত গাড়েন। যুক্তরাষ্ট্রে এসে রোজ ব্যস্ত হয়ে পড়েন ঘর-সংসারের কাজে। তাঁদের ঘরে আসে দুই সন্তান—স্কাইলা ও টেনিসন। ক্যারিয়ারে মনোযোগী না হয়ে মা ও স্ত্রীর দায়িত্ব পালন করতে থাকেন রোজ।স্যান্ডারস-রোজের ১০ বছরের সাজানো সংসারে অশান্তির ঢেউ ওঠে ২০১২ সালের জুলাইয়ে ক্রিস্টেন ও স্যান্ডারসের ঘনিষ্ঠতার খবর ও ছবি ফাঁস হওয়ার পর। গত বছরের মে মাসে মুক্তি পাওয়া ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবির শুটিং চলাকালে বয়সে ২০ বছরের ছোট ক্রিস্টেনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ৪২ বছর বয়সী স্যান্ডারস।‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবির নাম ভূমিকায় ছিলেন ক্রিস্টেন। আর স্নো হোয়াইটের মায়ের চরিত্রে অভিনয় করেন লিবার্টি রোজ। ছবিটির শুটিং চলাকালে স্যান্ডারস ও ক্রিস্টেনের ঘনিষ্ঠতা বাড়লেও রোজ তা আঁচ করতে পারেননি। পরে পরকীয়ার খবর চাউর হলে তিনি বিস্ময়ে হতবাক হয়ে যান।এ ঘটনায় ক্রিস্টেন ও স্যান্ডারস প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা করলেও স্বামীর প্রতারণার বিষয়টিকে রোজ কোনোভাবেই মন থেকে সরাতে পারছিলেন না। সমস্যা কাটিয়ে উঠে দাম্পত্য জীবনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছেন রোজ ও স্যান্ডারস। কিন্তু মনের সঙ্গে যুদ্ধ করে শেষ পর্যন্ত বিচ্ছেদের পথেই হাঁটলেন লিবার্টি রোজ।স্যান্ডারস-রোজের দুই সন্তানের বয়স এখন পাঁচ ও সাত। বিচ্ছেদের আবেদনে স্যান্ডারসের সঙ্গে যৌথভাবে সন্তানদের দেখভালের দায়িত্ব চেয়েছেন রোজ। তিনি স্যান্ডারসের কাছ থেকে ভরণপোষণ এবং মামলা পরিচালনার সব খরচও চেয়েছেন। যৌথভাবে সন্তানদের দেখভালের দায়িত্ব পালন করতে রাজি হলেও মামলা পরিচালনার সব খরচ দিতে অস্বীকৃতি জানিয়েছেন স্যান্ডারস। তিনি রোজের সঙ্গে ভাগাভাগি করে এই খরচ দিতে চান।