বিচ্ছেদের জন্য জনকে দুষলেন বিপাশা!
বিচ্ছেদের জন্য পরোক্ষভাবে সাবেক প্রেমিক জন আব্রাহামকেই দায়ী করলেন বলিউডের অভিনেত্রী বিপাশা বাসু। এখন পর্যন্ত সত্যিকার প্রেম তাঁর জীবনে আসেনি বলেও দাবি করেছেন ৩৩ বছর বয়সী এ তারকা। তবে সামনে তাঁর জীবনে সত্যিকারের প্রেম আসবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এ বঙ্গসুন্দরী। সম্প্রতি একটি চলচ্চিত্রবিষয়ক পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে বিপাশা এ কথা বলেন।সাক্ষাত্কারে বিপাশা বলেছেন, ‘নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বুঝেছি যে একতরফাভাবে কেবল দিয়ে গেলেই প্রেম চিরস্থায়ী হয় না। এখন কেউ আমার প্রেমে পড়লে তাঁকে সব উজাড় করে না দিয়ে উলটো তাঁর কাছ থেকেও কিছু চাইব।’ তিনি বলেন, ‘আমি তাঁকেই ভালোবাসব যে আমার জীবনযাপন পদ্ধতির সঙ্গে মানিয়ে চলবে। সে আমার আমিত্বকে বিসর্জন দিতে বলবে না কিংবা তাঁর ইচ্ছার দাস বানাবে না। আমার মতে, প্রেম আর প্রতারণা পাশাপাশি চলতে পারে না।’বিপাশা বলেন, ‘যখন কোনো প্রেমে প্রতারণা এসে ভর করে, তখন সেই প্রেম আর টিকতে পারে না।’প্রেমে পড়ার ক্ষেত্রে ‘ধীরে চলো নীতি’ মেনে চলেন বলেও জানিয়েছেন বিপাশা। এ প্রসঙ্গে তাঁর উদ্ধৃতি দিয়ে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, বিপাশা বাসুর জীবনের মূলমন্ত্র হলো সুখী জীবনযাপন করা। তিনি বলেছেন, ‘আগের তুলনায় এখন আমি অনেক বেশি সুখী। আমি মনেপ্রাণে প্রকৃত প্রেমের পূজারি। কিন্তু এখন পর্যন্ত সত্যিকারের প্রেম আমার জীবনে আসেনি। হুটহাট করে প্রেমে পড়ি না আমি। যে প্রেমিকের সঙ্গে আমার প্রেম সবচেয়ে বেশি সময় টিকেছিল, তাঁর প্রেমে মজতে আমার সময় লেগেছিল এক বছর। অন্যদিকে সে কিন্তু প্রথম দিন থেকেই আমার প্রেমে হাবুডুবু খেয়েছে।’বিপাশা আরও বলেছেন, ‘আমি এখন অনেক পরিণত। অনেক সুদর্শন পুরুষের সঙ্গেই সাক্ষাতের সুযোগ হয় আমার। তাই নিশ্চিতভাবেই বলতে পারি, সামনে আমার জীবনে অবশ্যই প্রেম আসবে।’