বিচ্ছেদের পথে কঙ্কণা সেন-রণবীর শোরে!
২০০৭ সালে সম্পর্কের শুরু। এরপর চুটিয়ে তিন বছরের প্রেম এবং অবশেষে ২০১০ সালের সেপ্টেম্বরে গাঁটছড়া বেঁধেছিলেন বলিউডের দুই তারকা কঙ্কণা সেন শর্মা ও রণবীর শোরে। গত বছরের মার্চে মা-বাবাও হয়েছেন তাঁরা। ভালোবেসে ঘর বাঁধলেও দুই বছরের মাথায় এসে মেঘের ঘনঘটা দেখা দিয়েছে রণবীর-কঙ্কণার সাজানো সংসারে। সাম্প্রতিক এক খবরে ডেইলিভাস্কর জানিয়েছে, সম্ভবত বিচ্ছেদের পথেই হাঁটছেন এ তারকা দম্পতি।সম্প্রতি একটি ছবির উদ্বোধনী প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রণবীর ও কঙ্কণা। কিন্তু সেখানে তাঁরা একসঙ্গে আসেননি। আলাদাভাবে সেখানে উপস্থিত হওয়ায় অতিথিরা বেশ অবাকই হন। সবার বিস্ময়ের মাত্রা বহুগুণ বেড়ে যায়, যখন অনুষ্ঠান শেষে আবারও আলাদাভাবে সেখান থেকে চলে যান এই জুটি।পুরো অনুষ্ঠানে একটি বারের জন্যও রণবীর এবং কঙ্কণা একে অপরের সঙ্গে কথা বলেননি। কোনো রকম শুভেচ্ছা-বার্তাও বিনিময় করেননি। পাশাপাশি না বসে একে অপরের কাছ থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখেই বসেছিলেন তাঁরা।রণবীর ও কঙ্কণার এমন অস্বাভাবিক আচরণ দেখে বিষয়টি সম্পর্কে রণবীরকে জিজ্ঞেস করা হলে জবাবে তিনি বলেছেন, ‘আমরা যমজ ভাইবোন নই। কাজেই আমাদের সব সময় একসঙ্গে থাকতে হবে—এমন তো না।’