বিচ্ছেদের পথে ক্রিস্টেন-প্যাটিনসন!
ইদানীং কথায় কথায় ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়ছেন বহুল আলোচিত তারকা যুগল রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়ার্ট। তাঁদের কাছের বন্ধুদের আশঙ্কা, অচিরেই প্রেমের বন্ধন ছিন্ন করতে যাচ্ছেন ‘টোয়াইলাইট’খ্যাত এ তারকা জুটি। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে শোবিজস্পাই জানিয়েছে, ক্রিস্টেন ও প্যাটিনসনের সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। তাঁরা প্রচুর ঝগড়া করছেন। ক্রিস্টেনকে নিয়ে একদমই সুখী নন প্যাটিনসন। এমনটা চলতে থাকলে যেকোনো মুহূর্তে সম্পর্কের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেবেন তাঁরা।‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবিতে কাজ করতে গিয়ে নির্মাতা রুপার্ট স্যান্ডারসের প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট। পরে তাঁদের পরকীয়ার খবর ও ছবি ফাঁস হয়ে যায়। দীর্ঘদিনের প্রেমিকা স্টুয়ার্টের কাছ থেকে এভাবে প্রতারিত হয়ে তাঁকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন প্যাটিনসন। কিন্তু কৃতকর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি প্যাটিনসনের কাছে বারবার অনুতাপ প্রকাশ করে শেষ পর্যন্ত হারিয়ে যাওয়া প্রেম ফিরে পান ক্রিস্টেন। এরপর সবকিছু ঠিকঠাকই চলছিল। দিন কয়েক আগে লন্ডনে বসত গাড়ার পরিকল্পনাও করেছিলেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন এবং মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট।