বিচ্ছেদের পথে জেনিফার লোপেজ-ক্যাসপার স্মার্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাসপার স্মার্টের সঙ্গে জেনিফার লোপেজ
ক্যাসপার স্মার্টের সঙ্গে জেনিফার লোপেজ

মার্কিন গায়ক ও অভিনেতা মার্ক অ্যান্থনির সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার পর ২০১১ সালের অক্টোবরে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ক্যাসপার স্মার্টকে নতুন সঙ্গী নির্বাচন করেছিলেন জেনিফার লোপেজ। কিন্তু দুই বছরের মাথায় তাঁদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। সম্প্রতি এক খবরে ইনিউজ জানিয়েছে, বিচ্ছেদের পথে হাঁটতে যাচ্ছেন অসমবয়সী এ জুটি।
বয়সে ২০ বছরের ছোট প্রেমিক ক্যাসপার স্মার্টের সঙ্গে গাঁটছড়া বেঁধে থিতু হওয়ারও পরিকল্পনা করেছিলেন ৪৫ বছর বয়সী গায়িকা ও অভিনেত্রী লোপেজ। মাত্র কমাস আগেই লোপেজ জানিয়েছিলেন, ক্যাসপারের ভেতর প্রকৃত মনের মানুষের সন্ধান পেয়ে গেছেন তিনি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘আমার জীবনে প্রকৃত ভালোবাসার নাম ক্যাসপার।’ কিন্তু এখন সেই ভালোবাসার সম্পর্কে চিড় ধরেছে। ইদানীং প্রচুর ঝগড়া হচ্ছে তাঁদের মধ্যে।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এই মুহূর্তে ক্যাসপার ও লোপেজের সম্পর্ক ভালো যাচ্ছে না। সব সময় তাঁদের ভেতর ঝগড়া-বিবাদ লেগেই থাকছে। তাঁরা একে-অন্যকে একদমই সহ্য করতে পারছেন না।
এখন পর্যন্ত একাধিকবার সম্পর্ক টিকিয়ে রাখতে ব্যর্থ হয়েছেন লোপেজ। ওজানি নোয়া, ক্রিস জুড ও মার্ক অ্যান্থনির সঙ্গে ঘর বেঁধেছিলেন লোপেজ। কিন্তু ওই তিন বিয়ের একটিও টেকেনি। মার্ক অ্যান্থনির সঙ্গে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর ২৫ বছর বয়সী ক্যাসপারের সঙ্গে প্রণয়ে জড়িয়েছিলেন লোপেজ। সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর জনসমক্ষে ক্যামেরাবন্দী হয়েছিলেন এ জুটি। এর পর তাঁদের আর একসঙ্গে দেখা যায়নি।

এদিকে সংগীতবিষয়ক রিয়েলিটি শো আমেরিকান আইডলের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন জেনিফার লোপেজ। এই মুহূর্তে অনুষ্ঠানটির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।