বিচ্ছেদের পর আফসোস করছেন মাইলি

মাইলি সাইরাসছবি: ইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকাদের বিচ্ছেদ যেন তাঁদের নতুন কাজের মতো স্বাভাবিক ঘটনা। এ নিয়ে অনুশোচনায় ভুগতে দেখা যায় কম তারকাকে। ব্যতিক্রমদের অন্যতম মার্কিন পপ তারকা মাইলি সাইরাস। বিচ্ছেদের বছর ঘুরতেই তাই জানালেন, অভিনেতা লিয়াম হেমসওর্থের সঙ্গে বিচ্ছেদে তাঁর যাতনা কতটা।

অনেক ক্ষেত্রে মনে হয়, মৃত্যু বরং মেনে নেওয়া যায়। কিন্তু বিচ্ছেদ মানে একজন জীবিত মানুষের সঙ্গে একই পৃথিবীতে বাস করছি, অথচ সে আর আমার কেউ নয়

গত বছর আগস্টে বিচ্ছেদ হয়ে যায় মাইলি ও অস্ট্রেলীয় অভিনেতা হেমসওর্থের। দীর্ঘ ১০ বছরের প্রেমের পর বিয়ে করেছিলেন তাঁরা। সেই বিয়ের মেয়াদ ছিল মাত্র আট মাস। বিচ্ছেদের এক বছর পর সম্প্রতি এক অডিও অনুষ্ঠানে এ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন মাইলি। তিনি বলেন, ‘একটা বড় ধাক্কায় আমাদের ১০ বছরের গভীর সম্পর্কের অবসান হয়। এ রকম একটি সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া অনেকটা মৃত্যুযন্ত্রণার মতো। এ ক্ষতি থেকে আমি শিখেছি, যা হয়েছে, তা আমার নিজের কারণেই হয়েছে।’

বার্সটুল স্পোর্টসের পডকাস্ট ‘কল হার ড্যাডি’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে মাইলি সাইরাস বলেন, ‘অনেক ক্ষেত্রে মনে হয়, মৃত্যু বরং মেনে নেওয়া যায়। কিন্তু বিচ্ছেদ মানে একজন জীবিত মানুষের সঙ্গে একই পৃথিবীতে বাস করছি, অথচ সে আর আমার কেউ নয়, এটা মেনে নেওয়া কঠিন।’

‘দ্য লাস্ট সং’ ছবির শুটিং সেটে পরিচয় হয়েছিল মাইলি ও হেমসওর্থের। মাইলির সঙ্গে বিচ্ছেদ নিয়ে মন্তব্য করতে চাননি ‘দ্য হাঙ্গার গেমস’ অভিনেতা হেমসওর্থ। কেননা এ বিচ্ছেদে সবচেয়ে বেশি কষ্ট তিনিই পেয়েছেন। সম্পর্ক ভেঙে দ্রুত আরেকটি সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন মাইলি। অধিক শোকে তাই হয়তো পাথর হয়ে গিয়েছিলেন অভিনেতা হেমসওর্থ। সূত্র: মিরর