সবুজের মাঝে লাল সূর্য—রাজধানীতে এখন প্রায়ই এমন দৃশ্য দেখা যায়। নগরের বড় বড় সড়কে ফেরি করে বিক্রি হচ্ছে লাল-সবুজ জাতীয় পতাকা। যানবাহনের সঙ্গে কিংবা বসতবাড়িতের উড্ডীন পতাকা জানান দিচ্ছে বিজয় দিবস আসন্ন। বাঙালির এই চিরগৌরবের দিনকে ঘিরে প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর হয়ে উঠেছে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বিজয় দিবস সামনে রেখে কর্মসূচি হাতে নিয়েছে।বিজয় দিবস উদ্যাপনের অংশ হিসেবে গতকাল থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরে শুরু হয়েছে বিজয় উৎসবের সাত দিনের অনুষ্ঠানমালা। গতকাল সোমবার এ আয়োজন শুরু হয়েছে মানবাধিকার দিবস উপলক্ষে। উৎসব শেষ হবে বিজয় দিবসের দিন। আয়োজনের নামটিও ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’। উৎসবে মুক্তমঞ্চে প্রতিদিন পরিবেশিত হবে বৈচিত্র্যময় অনুষ্ঠান। উদ্বোধনী দিনে ‘মানবাধিকার ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ’ শীর্ষক অধ্যাপক সালাহ্উদ্দিন আহমদের লিখিত বক্তব্য পাঠ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। সালাহ্উদ্দিন আহমদে অসুস্থ থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।এর আগে উৎসবের সূচনাতেই বক্তব্য দেন জাদুঘরের ট্রাস্টি নাট্যজন সারা যাকের। তিনি বলেন, ‘আমরা বিজয়ের মাসের জন্য উন্মুখ হয়ে থাকি। এই মাস আমাদের উদ্বেলিত করে, নানা আয়োজনের মধ্য দিয়ে শহিদদের শ্রদ্ধা জানাই।’অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘর ভবন নির্মাণ তহবিলে প্রয়াত মুক্তিযোদ্ধা ও পপসম্রাটখ্যাত আজম খানের মেয়ে ইমা খান ৫০ হাজার টাকা দান করেন। এ সময় উপস্থিত ছিলেন জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী। একই অনুষ্ঠানে ইমা খান তাঁর বাবা আজম খানের একটি ছবি, তাঁর ব্যবহূত একটি জ্যাকেট ও একটি কোট স্মারক হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘরকে প্রদান করেন।সাংস্কৃতিক পর্বে দলীয় আবৃত্তিতে অংশ নেন স্বরচিত্রের বাকিশল্পীরা। তাঁরা পরিবেশন করেন ‘আর কত রক্ত দরকার হবে’ শীর্ষক আবৃত্তি প্রযোজনা। এরপর দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন স্পন্দনের শিল্পীরা। সবশেষে দেশের গান পরিবেশন করে আবদুল্লাহ মেমোরিয়াল হাইস্কুলের শিক্ষার্থীরা।সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসবসম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব ছড়িয়ে পড়েছে রাজধানীজুড়ে। গত সোমবার পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাহাদুর শাহ পার্কে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসবের চতুর্থ দিনের অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে ছিল দেশাত্ববোধক গান, দলীয় পরিবেশনা ও মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক বক্তব্য দেন সালাউদ্দিন বাদল, শেখ আবদুল কাদের ও মানজারুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন গণসংগীতশিল্পী মাহবুব রিয়াজ। একক সংগীত পরিবেশন করেন কানন বালা সরকার ও শান্তা সরকার। দলীয় পরিবেশনায় অংশ নেয় ভিন্নধারা। সবশেষে দেখানো হয় চলচ্চিত্র জীবন থেকে নেয়া। আজ মঙ্গলবার বিশেষ কারণে পঞ্চম দিনের অনুষ্ঠানমালা স্থগিত করা হয়েছে। আগামীকাল বুধবার বিকেল চারটায় মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি মাঠে থাকছে উৎসবের ষষ্ঠ দিনের অনুষ্ঠানমালা।১০ জন বীরকন্যাকে সম্মাননানিশ্চুপ তাঁরা। মঞ্চের একপাশে জড়োসড়ো হয়ে বসে আছেন। কেউ চোখ তুলে সামনে কী আছে তা দেখার আগ্রহ পর্যন্ত দেখাছেন না। হয়তো এমন অনুষ্ঠানে তাঁরা আগে কখনো আসেননি, কিংবা কী হবে তা নিয়ে ভাবছেন ১০ জন নারী।সামাজিক নারী সংগঠন ‘চেষ্টার’ আয়োজনে গতকাল সোমবার শিল্পকলা একাডেমীর নৃত্যকলা মঞ্চে বাংলাদেশের ১০ বীরকন্যাকে সম্মাননা দেন। অনুষ্ঠানের ’৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও তাজরীন ফ্যাশন লিমিটেডে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি মন্ত্রী শিরীন শারমিন এই ১০ জনের হাতে ফুলের তোড়া তুলে দেন ও তাঁদের উত্তরীয় পরিয়ে দেন। এই ১০ জনই সিরাজগঞ্জের বিভিন্ন গ্রামের বীরকন্যা। তাঁরা হলেন: আছিয়া বেগম, জয়গুন বেগম, হাজেরা বেগম, সুরাইয়া বেগম, সূর্যী বেগম, রহিমা বেওয়া, নূরজাহান বেগম, কমলা বেগম ও রাজুবালা। অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী শিরীন শারমিন উপস্থিত বীরকন্যাদের অপমানিত ও লাঞ্ছিত হওয়ার সেই ভয়াবহ স্মৃতিকথা ব্যক্ত করে আবেগাল্পুত হয়ে পড়েন। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সভাপতি সেলিনা বেগম। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে সংগীত পরিবেশন করেন আবিদা সুলতানা। শুরু হচ্ছে স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবআগামী ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে দ্বাদশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। বিকেল চারটায় কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। উৎসব উৎসর্গ করা হয়েছে নির্মাতা তারেক মাসুদ ও চলচ্চিত্র গ্রাহক মিশুক মুনীরের স্মৃতির প্রতি। উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম।গতকাল সোমবার উৎসবের কার্যক্রম নিয়ে ধানমন্ডির বেঙ্গল কাফেতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উৎসব আয়োজক পরিষদের সভাপতি হাসনাত আবদুল হাই, সহসভাপতি নাসির উদ্দীন ইউসুফ, শর্ট ফিল্ম ফোরামের সভাপতি মোরশেদুল ইসলাম, উৎসব পরিচালক এন রাশেদ চৌধুরী ও সহপরিচালক তারেক আহমেদ।সংবাদ সম্মেলনে জানানো হয়, শর্ট ফিল্ম ফোরাম ১৯৮৮ সাল থেকে নিয়মিত দ্বিবার্ষিক ভিত্তিতে এই উৎসবের আয়োজন করে আসছে। এতে দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীন ধারার চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এ ছাড়া থাকছে স্মারক বক্তৃতা ও সেমিনার। দেশ-বিদেশের চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বরা এই উৎসবে অংশ নিচ্ছেন। এই উৎসব দক্ষিণ এশিয়ায় এ ধারার চলচ্চিত্রের প্রথম উৎসব হিসেবে স্বীকৃত হয়েছে।এবারের উৎসব চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। স্বাগতিক বাংলাদেশ ছাড়া ২৭টি দেশ এবারের উৎসবে অংশ নিচ্ছে। উৎসবের মূল কেন্দ্র হিসেবে কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চারটি করে প্রদর্শনী হবে। এ ছাড়া শিল্পকলা একাডেমীতে হবে স্মারক বক্তৃতা ও সেমিনার এবং জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৬ ডিসেম্বর তারেক মাসুদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মুক্তির গান, মাটির ময়না, অন্তর্যাত্রা ও রানওয়ে চলচ্চিত্র চারটি প্রদর্শিত হবে। প্রদর্শনী শুরু বেলা ১১টা থেকে। চট্টগ্রামে তারুণ্য উৎসব আজ শুরুপ্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ের আয়োজনে দুই দিনব্যাপী ‘তারুণ্য উৎসব’ শুরু হচ্ছে আজ। সকাল ১০টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া। উৎসবে বিতর্ক প্রতিযোগিতায় ১৬টি কলেজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় আটটি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। ‘তারুণ্য উৎসব’-এর সহায়তায় রয়েছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম বন্ধুসভা।