বিজ্ঞাপন ও নাটকের পর চলচ্চিত্রে বীথি
গ্রামীণফোনের বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম আলোচনায় এসেছিলেন বীথি; এরপর নাটক। সম্প্রতি চলচ্চিত্রেও অভিনয় করলেন এই মডেল-অভিনেত্রী। সরকারি অনুদানে নির্মিত ‘হেডমাস্টার’ ছবি দিয়ে তাঁর চলচ্চিত্রে অভিষেক হলো। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় এ ছবিতে নবাগত আরজুর বিপরীতে অভিনয় করছেন তিনি। ছবির নাম-ভূমিকায় আছেন অভিনেতা আলমগীর। ‘হেডমাস্টার’ ছবিতে বীথি অভিনয় করছেন আলমগীরের মেয়ের চরিত্রে। আর আরজুকে দেখা যাবে আলমগীরের ছাত্রের ভূমিকায়। বীথি বলেন, ‘আমার প্রথম চলচ্চিত্র। প্রথম স্বপ্নের বাস্তবায়নও বলা যায়। আমি খুবই খুশি “হেডমাস্টার” ছবিতে কাজ করতে পেরে। এখানে কাজ করতে গিয়ে জ্যেষ্ঠ শিল্পীদের সঙ্গে থাকতে পারছি। ফলে আমি অনেক কিছু শিখতে পারছি।’বীথি আরও বলেন, ‘প্রথম থেকে আমি যে ধরনের চলচ্চিত্রে কাজ করতে চেয়েছিলাম, ঠিক তেমনই একটি চলচ্চিত্র “হেডমাস্টার”। আশা করছি, এই ছবি দিয়েই চলচ্চিত্রে আমার নিজের সম্ভাবনার কথা জানান দিতে পারব।’পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘প্রাথমিক শিক্ষা নিয়ে “হেডমাস্টার” ছবির গল্প গড়ে উঠেছে। এ ছবির মাধ্যমে প্রাথমিক শিক্ষার নতুন পদ্ধতির সঙ্গে সবার পরিচয় করিয়ে দেওয়া হবে।’