বিজ্ঞাপন ছাড়াই নাটক দেখা
রাস্তা ধরে একটা ফেস্টুনের লেখা আগ্রহ নিয়ে পড়তে শুরু করি—‘এক ঘন্টার কাহিনী চিত্র আমাদের ঐতিহ্য।’ আমি এখন শাহবাগের পাবলিক লাইব্রেরি চত্বরে। এখানে রাস্তার দুপাশে লাল-নীল ফেস্টুন সাঁটানো হয়েছে। ব্যাপারটা আরও ভালো করে বোঝার জন্য পরের ফেস্টুনটা পড়ি—‘এক ঘন্টার কাহিনী চিত্র ছিল, আছে, থাকবে।’ ধীরে ধীরে সবগুলো ফেস্টুন পড়তে পড়তে এগিয়ে যাই। দেখি, শওকত ওসমান মিলনায়তনে ‘চারুনীড়ম কাহিনী চিত্র উৎসব-২০১১’ হচ্ছে। ৯ থেকে ১৪ মার্চ ছিল উৎসবের স্থায়িত্ব। উৎসবে মোট ২৪টি নাটক দেখানো হয়।একসময় এক ঘণ্টার নাটক বেশ জনপ্রিয় ছিল। কিন্তু স্যাটেলাইট চ্যানেলে এক ঘণ্টার কাহিনিচিত্রে বিজ্ঞাপন আসত না। এ অবস্থায় চারুনীড়ম ২০০৯ সালে ‘এক ঘণ্টার নাটক বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে আন্দোলন শুরু করে। গত চার বছর তারা কাহিনিচিত্র উৎসব আয়োজন করে আসছে। আর এর ফলে সার্বিক চিত্রও কিছু পাল্টেছে।আয়োজকদের টেবিলের পাশেই বসে ছিলেন চারুনীড়মের পরিচালক গাজী রাকায়েত। এগিয়ে যাই তাঁর কাছে। উৎসবের আয়োজন নিয়ে তাঁর কাছে জানতে চাই।গাজী রাকায়েত বলেন, ‘এক দিক থেকে আমাদের এই আয়োজন সফল। এক ঘণ্টার নাটক সম্প্রচার একসময় বন্ধ হয়ে গেলেও এখন আবার চ্যানেলগুলো সম্প্রচার করছে। আর অনেক নির্মাতাই এই চারুনীড়ম উৎসবকে সামনে রেখেই নাটক নির্মাণ করছেন। আর আমরাও মানসম্পন্ন নাটকগুলো বাছাই করেছি। আর দেখতেই পাচ্ছেন দর্শকেরাও এসেছেন দল বেঁধে।’এগিয়ে যাই দর্শকদের কাছে।এখন পাঁচটা ৩০। মাকে নিয়ে নাটক দেখতে এসেছেন জেনিফার।আপনি কি আজই প্রথম এলেন?খানিক মুচকি হেসে জবাব দেন জেনিফার, ‘না, কালও এসেছিলাম।’কেমন লাগছে নাটকগুলো?‘খুব ভালো। নাটকগুলোর মান অনেক ভালো। আর টেলিভিশনে বিজ্ঞাপন বিরতির জন্য নাটক দেখা হয়ে ওঠে না।’ জেনিফারের মা যোগ করেন, ‘আর বড় পর্দায় দেখার অনুভূতিই তো আলাদা।’আয়োজকেরা দর্শকদের সারিবদ্ধ হয়ে দাঁড়াতে বলেন। দর্শকদের সারিতে সজল নামের একজনকে পেয়ে যাই। জিজ্ঞেস করি, ‘নাটকগুলো তো গত বছর টেলিভিশনে দেখানো হয়েছে, তবুও কেন এলেন?’হাতের ব্যাগটা কাঁধে নিয়ে সপ্রতিভ উত্তর দেন তিনি, ‘আমি হলে থাকি। সেখানে খেলা ছাড়া আর কিছু দেখা হয় না। আর মাঝে মাঝে সিডি কিনে কম্পিউটারে নাটক দেখি। তাই সুয়োগ পেয়ে বড় পর্দায় দেখতে এলাম।’থিয়েটার কর্মী সুরভী রায় জানালেন, ‘আসলে আমি নিজেও তো থিয়েটার করি। একসঙ্গে এতগুলো ভালো কাজ দেখতে পাব। তাই এসেছি। আর টিকিটের দামটাও হাতের নাগালে। ২০ টাকা।’লাইনের একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শরীফ।তিনি বলেন, ‘আমি প্রথম দিনের নাটকটা দেখে অভিভূত হয়েছি। তাই প্রতিদিনই আসছি নাটকের আকর্ষণে। আর বিজ্ঞাপনও নেই নাটকের মাঝখানে। তাই খুব উপভোগ করছি নাটকগুলো।’জমে উঠেছিল উৎসবটি।