
১১ জানুয়ারি বেলা সাড়ে তিনটায় ‘আনন্দ’র সঙ্গে আড্ডা দেবেন তানজিন তিশা। না, নির্ধারিত সময়ে আসতে পারেননি তিনি। মুঠোফোনে বললেন, ‘এই তো চলে এসেছি।’ যখন এলেন, তখন বিকেল সাড়ে চারটা। দুঃখ প্রকাশ করে বললেন, ‘গতকালই (১০ জানুয়ারি) কুয়াকাটা থেকে শুটিং করে ফিরেছি। ঢাকার বাইরে টানা কাজ করে খুব টায়ার্ড।’
: কুয়াকাটায় কী কাজ করলেন?
: ছেঁড়া দ্বীপ নামে একটি নাটকের কাজ করেছি। ভালোবাসা দিবসের জন্য।
জানালেন, ভালোবাসা দিবসের জন্য আরও পাঁচটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকগুলো হলো জানি তুমি আসবে ফিরে, অবশেষে একদিন, অ্যান্টি রোমান্টিক, অচেনা বন্ধু আর হানিমুন।
১১ জানুয়ারি তানজিন তিশার সঙ্গে কথা হয় প্রথম আলো কার্যালয়ে। ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন। বললেন, ‘ময়না টিয়া আর পাগলা হাওয়া নামে দুটি ধারাবাহিকের কাজ চলছে। সালাহউদ্দিন লাভলুর একটি ধারাবাহিকে কাজ করার ব্যাপারে কথা চলছে। এক ঘণ্টার কয়েকটি নাটকের পাণ্ডুলিপি হাতে আছে। এ মাসের শেষ দিকে শুটিং হবে।’
তানজিন তিশা প্রথম অভিনয় করেন ২০১৪ সালে। রেদওয়ান রনির দুই পর্বের নাটক ইউটার্ন। প্রচারিত হয় রোজার ঈদে। প্রথম অভিনয় করেই আলোচিত। এরপর সুযোগ পান হিমেল আশরাফের অন্তর্জাল আর বি ইউ শুভর সোনালী রোদ্দুর নাটকে। এ দুটি নাটক প্রচারিত হয় কোরবানির ঈদে। এরপর একসঙ্গে অনেকগুলো নাটকে অভিনয় করেছেন। বললেন, ‘নাটক নিয়েই থাকতে চাই। নিজের অভিনয়কে দিন দিন সমৃদ্ধ করার চেষ্টা করছি।’
নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও এখন সমান ব্যস্ত তানজিন তিশা। তাঁর কয়েকটি বিজ্ঞাপনচিত্র এখন বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হচ্ছে। জানালেন, ২০১২ সালে প্রথম বিলবোর্ডে রবির মডেল হওয়ার সুযোগ পান। এরপর বিজ্ঞাপনচিত্র নির্মাতা অমিতাভ রেজার কাছ থেকে আমন্ত্রণ পেলেন। সুযোগ পেলেন একই মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের টিভির বিজ্ঞাপনচিত্রে।
তানজিন তিশা বললেন, ‘অমিতাভ রেজার কাছে আমি কৃতজ্ঞ। তাঁর মতো গুণী নির্মাতার কাজ দিয়েই বিজ্ঞাপন জগতে আমার পথচলা শুরু।’
: এখন কোন কাজকে বেশি গুরুত্ব দিচ্ছেন, বিজ্ঞাপনচিত্রে মডেলিং নাকি নাটকে অভিনয়?
: দুটো কাজই করছি। আপাতত বিজ্ঞাপনচিত্রে বেশি সময় দিচ্ছি।
এখন নাকি চলচ্চিত্রেও তাঁর কাজ করার ব্যাপারে আলোচনা হচ্ছে। বললেন, ‘একাধিক ছবিতে কাজ করার প্রস্তাব পেয়েছি। সব শিল্পীই বড় পর্দায় কাজ করার স্বপ্ন দেখেন। তবে এখনই বড় পর্দায় কাজ করার জন্য আমি পুরোপুরি প্রস্তুত নই। কাজ করব, তবে আরও কিছুদিন পর। কারণ আমি তো এখনো শিখছি।’
তানজিন তিশা নাচও শিখেছেন। নাচ শিখেছেন বাফা আর হিন্দোল একাডেমিতে। তবে নাচ নিয়ে এখন কিছু ভাবতে চান না।
চার বোনের মধ্যে সবার ছোট তানজিন তিশা। মেয়ে বড় হয়ে চিকিৎসক হবেন—এমন স্বপ্নই দেখেছিলেন বাবা। আর মেয়ে স্বপ্ন দেখতেন, বড় হয়ে বিচারক হবেন। কিন্তু বাস্তব এখন তানজিন তিশার চোখে নতুন স্বপ্ন এঁকে দিয়েছে।