বিজ্ঞাপন নয়, যেন সৃজনশীলতার দুর্দান্ত প্রদর্শনী
রাস্তার মাঝে ফুটবল নিয়ে খেলছে মানুষটা। দেখাচ্ছে নানা কসরত। ঠোঁটের ওপরে ইয়া গোঁফ। লোকজন দেখেও দেখছে না। ফুটবল নিয়ে খেলেই চলেছে আগন্তুক। দু-একজন তার সঙ্গে খানিক খেলল বটে কিন্তু কেউই জানল না তারা ফুটবল খেলছিল স্বয়ং ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। দিন শেষে যখন ছদ্মবেশের ভেতর থেকে বেরিয়ে এলেন তারকা ফুটবলার রোনালদো স্বয়ং, তখন সবার চোখ রীতিমতো ছানাবড়া। কাজটা রোনালদো করেছেন স্রেফ একটি বিজ্ঞাপনচিত্রের জন্য। অথবা অন্য একটি বিজ্ঞাপনচিত্রের কথা ধরুন। স্থির ফ্রেম। ক্লাসরুমভর্তি একগাদা মেয়ে। ফাস্ট ফরোয়ার্ড ফ্রেমে একের পর এদের চেহারা মেকআপ বদলে যাচ্ছে তাদের। কখনো তারা কিশোরী, কখনো নারী, কখনো যুবক। একেকবার একেক চেহারা তাদের। আসলে পুরোটাই মেকআপের কারসাজি। এটি একটি প্রসাধন সরঞ্জামের বিজ্ঞাপন। আবার হোন্ডার বিজ্ঞাপনটাতে পেনসিল স্কেচের মাধ্যমে তুলে আনা হয়েছে মোটরযানের সংক্ষিপ্ত ইতিহাস। যার মূলকথা, আপনার স্বপ্ন আপনাকে কোথায় নিয়ে যাবে, আপনি জানেন না। এই বিজ্ঞাপনচিত্রগুলো স্রেফ প্রচারণা নয়, গল্প বলার আর সৃজনশীলতা প্রমাণেরও এক অনন্য মাধ্যম। ঢাকায় বিটপী অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে সম্প্রতি বিশ্বসেরা বিজ্ঞাপনের এ রকমই এক প্রদর্শনী হয়ে গেল ‘কান’স প্রেডিকশন’ শিরোনামের অনুষ্ঠানে। শুনে হয়তো অবাক হতে পারেন। যেখানে ভালো অনুষ্ঠানের ফাঁকে দর্শক বিজ্ঞাপন দেখতে বিরক্ত হয়, সেখানে শুধু বিজ্ঞাপন নিয়েই অনুষ্ঠান! কিন্তু সারা বিশ্বের বাছাইকৃত সেরা সৃজনশীল বিজ্ঞাপনগুলো নিয়ে এমন অনুষ্ঠান হলে নিশ্চয়ই আপনার আপত্তি থাকার কথা নয়।
২৯ বছর আগে বিজ্ঞাপন দেখা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেন ডোনাল্ড গান। ১৯৭৮ সালে শিকাগোতে যখন কান’স প্রেডিকশন শুরু হয়, তখন এটা ছিল বিজ্ঞাপনশিল্পের লোকজনকে নিয়ে বিশ্বের সেরা বিজ্ঞাপনগুলো দেখার আয়োজন। সময়ের প্রবাহে এখন সেটা পরিবর্তিত হয়েছে বিজ্ঞাপন জগতের অন্যতম কাঙ্ক্ষিত আয়োজনে। কান’স প্রেডিকশন আন্তর্জাতিক ক্রিয়েটিভ এজেন্সি লিও বার্নেটের বার্ষিক আয়োজন। সম্প্রতি প্রথমবারের মতো বাংলাদেশে কান’স প্রেডিকশন রিল নিয়ে এসেছে বিটপি লিও বার্নেট। গত ২৫ জুন সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিজ্ঞাপন জগতের লোকজনকে নিয়ে এই রিলের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সারাহ আলীসহ বিজ্ঞাপন জগতের অনেকে। বাংলাদেশে কান’স প্রেডিকশন রিল প্রদর্শনের ব্যাপারে জানতে চাইলে বিটপি লিও বার্নেটের প্রধান নির্বাহী মিঠুন বর্ধন রায় বলেন, ‘বিশ্বের নানান দেশে অনেক দিন ধরেই কান’স প্রেডিকশন রিল প্রদর্শন হয়ে আসছিল। এ বছর প্রথমবারের মতো আমরা বাংলাদেশে নিয়ে এলাম। বিশ্বে কোথায় ভালো কী কাজ হচ্ছে, সেগুলো সম্পর্কে জানা যায় এখান থেকে। ইচ্ছে আছে এখন থেকে প্রতিবছর কান’স প্রেডিকশন রিল বাংলাদেশে নিয়ে আসার।’
নির্বাচিত উল্লেখযোগ্য বিজ্ঞাপনচিত্র দেখে নিতে পারেন এই লিংকগুলো থেকে:
Spanish Christmas Lottery Spot - Official 2015 HD
The brainBAND project from Samsung
SOUTHERN COMFORT: SHOTTASOCO
The Fairest Night - Cerveza Andes
Honda "Paper"
High School Girl?