বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন ফারুক আহমেদ

মঞ্চ ও টিভি অভিনয়শিল্পী হিসেবেই ফারুক আহমেদকে সবাই চেনেন। অভিনয়ের ফাঁকে টিভি নাটকের নির্দেশনাও দিয়েছেন তিনি। এবার বিজ্ঞাপনচিত্র নির্মাতার তকমাও লাগছে ফারুক আহমেদের নামের পাশে। আজ রোববার নির্মাতা হিসেবে প্রথম বিজ্ঞাপনচিত্রের শুটিং করতে যাচ্ছেন তিনি। যেহেতু প্রথম বিজ্ঞাপনচিত্র নির্মাণ, তাই পুরো বিষয়টি নিয়ে ফারুক আহমেদের প্রস্তুতিরও শেষ নেই।
বিজ্ঞাপনচিত্রটিতে মডেল হিসেবেও অভিনয় করবেন ফারুক আহমেদ। তাঁর সঙ্গে সহ-মডেল হিসেবে আরও থাকবেন ডা. এজাজুল ইসলাম ও স্বাধীন খসরু।
প্রথম আলো ডটকমকে ফারুক আহমেদ বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই আমি মঞ্চনাটকের সঙ্গে যুক্ত হই। তখন থেকেই মঞ্চনাটকে অভিনয়ের পাশাপাশি নিয়মিতভাবে নির্দেশনা দিতাম। এরপর ঢাকা থিয়েটারে যোগ দিলে আর মঞ্চনাটকের নির্দেশনা দেওয়া হয়নি। তখন থেকে মঞ্চনাটকে অভিনয়ের পাশাপাশি টিভি নাটকে নিয়মিত অভিনয় শুরু করি। এরই ফাঁকে মাঝে তিনটি নাটকের নির্দেশনা দিয়েছি। তাই নির্মাণের বিষয়টি সব সময়ই নিজের মধ্যে ছিল।’
ফারুক আহমেদ আরও বলেন, ‘আমি যেহেতু টুকটাক নির্মাণের সঙ্গে যুক্ত, তাই আলীবাবা ডোর প্রতিষ্ঠানটির মালিক নিজেও চাচ্ছিলেন বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা হিসেবেই যেন আমি থাকি। পুরো ব্যাপারটি নিয়ে আমি উচ্ছ্বসিত। চেষ্টা করব, নিয়মিতভাবে বিজ্ঞাপনচিত্র নির্মাণের সঙ্গে যুক্ত থাকার।’
উল্লেখ্য, কিংবদন্তি কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের নাটকে অভিনয়ের মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত হন ফারুক আহমেদ, ডা. এজাজুল ইসলাম ও স্বাধীন খসরু। এবার তাঁরা তিনজন একই বিজ্ঞাপনচিত্রে কাজ করতে যাচ্ছেন।