বিজ্ঞাপনচিত্রে জুটি মৌসুমী-ওমর সানী

আবারো একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় তারকা দম্পতি জুটি মৌসুমী ও ওমর সানীকে। তাঁরা দুজন আবারও একসঙ্গে কাজ শুরু করেছেন। তবে চলচ্চিত্র কিংবা নাটকে নয়, প্রথমবারের মতো মৌসুমী ও ওমর সানী একসঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করছেন।
পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএফএলের গৃহস্থালি পণ্যের এই বিজ্ঞাপনচিত্রটির শুটিং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে। টিটু রহমানের নির্দেশনায় গত বৃহস্পতিবার থেকে বিজ্ঞাপনচিত্রটির শুটিং শুরু হয়েছে।
এ প্রসঙ্গে প্রথম আলোকে ওমর সানী জানিয়েছেন, ‘এটি আমাদের অভিনীত প্রথম টিভি বিজ্ঞাপনচিত্র। কিছুদিন আগে মৌসুমী প্রাণ আরএফএল গ্রুপের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে। তারই অংশ হিসেবে বিজ্ঞাপনচিত্রটির কাজ হচ্ছে। মৌসুমী ও পণ্য প্রতিষ্ঠানটির অনুরোধে বিজ্ঞাপনচিত্রটির কাজ করতে রাজি হই। প্রথম দিনের শুটিং অভিজ্ঞতা বেশ ভালো। আমার বিশ্বাস, বিজ্ঞাপনচিত্রটি সবার বেশ ভালো লাগবে।’
মৌসুমী ও ওমর সানী জুটি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সাহেব নামের গোলাম’। রাজু চৌধুরী পরিচালিত ছবিটি পাঁচ বছর আগে মুক্তি পায়। সম্প্রতি ‘লিডার’ নামের নতুন একটি ছবিতে তাঁরা দুজন জুটি বেঁধে অভিনয় করছেন। দিলশাদুল হক শিমুল পরিচালিত ছবিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। ‘লিডার’ ছবিটি নিয়ে ওমর সানী বেশ আশাবাদী। তিনি বলেন, ‘অনেক বছর পর বড় পর্দায় মৌসুমী ও ওমর সানী জুটিকে নতুনভাবে দর্শকরা দেখতে পাবেন।’