বিজ্ঞাপনচিত্রে নোবেল-শখ জুটি
‘বছর চারেক আগে কোমল পানীয় আরসি কোলার বিজ্ঞাপনচিত্রের কাজ করেছিলাম। তবে এবারের কাজটি একেবারে ভিন্ন। অনেক বেশি আধুনিক। বলা যায়, একেবারেই সমসাময়িক এবং ফ্যাশনেবল। সবাই আমার নতুন এই বিজ্ঞাপনচিত্রে বৈচিত্র্যের ছোঁয়া পাবেন।’ কথাগুলো জনপ্রিয় মডেল নোবেলের। সম্প্রতি শুটিং শেষ করেছেন কোমল পানীয় আরসি কোলার বিজ্ঞাপনচিত্রের। এতে তাঁর সঙ্গে সহ-মডেল হলেন শখ। গাজী শুভ্রর পরিচালনায় এরই মধ্যে ঢাকার এফডিসি ও সাভারের হেমায়েতপুরে বিজ্ঞাপনচিত্রটির শুটিং শেষ হয়েছে।বিজ্ঞাপনটির ব্যাপারে নোবেলের মূল্যায়ন, ‘বিজ্ঞাপনচিত্রটি মানুষকে আনন্দিত করবে; পাশাপাশি কিছু শুভবার্তাও দেবে বলে মনে করছি।’ শখ বললেন, ‘নোবেল ভাইয়ার সঙ্গে বছর দেড়েক আগে আরেকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলাম। তিনি আমার পছন্দের মডেল। স্বভাবতই তাঁর সঙ্গে কাজ করতে পারা অনেক আনন্দের।’নোবেল ও শখের নতুন বিজ্ঞাপনচিত্রটি শিগগিরই প্রচারিত হবে। এটির ডিরেক্টর অব ফটোগ্রাফির দায়িত্বে ছিলেন রাশেদ জামান। আর নোবেলের লেখা ‘চলো মেতে উঠি সবাই, হাসি গানে আনন্দে আর উল্লাসে’ শিরোনামের জিঙ্গেলটির সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির।