বিজয় উৎসব উদ্বোধনে শিল্পী-যোদ্ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী-কুশলীরা সবাই ছিলেন একেকজন মুক্তিযোদ্ধা-শব্দসৈনিক। তাঁরা দীর্ঘ নয় মাস ধরে দৃপ্ত কণ্ঠে অগ্নিঝরা অনুষ্ঠান প্রচারের মাধ্যমে বাংলাদেশের আপামর জনগণ ও এর অতন্দ্র প্রহরী মুক্তিযোদ্ধাদের সার্বক্ষণিক অনুপ্রেরণা দিয়ে মুক্তিকামী বাঙালিকে বিজয়ের সিংহদ্বারে পৌঁছে দিয়েছেন। এই বেতার কেন্দ্রের একেকটি শব্দ ইথার ভেদ করে বেরিয়ে এসেছে একেকটি বুলেট হয়ে। এই শব্দসৈনিকেরা গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে উদ্বোধন করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব।সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব এখন ডিসেম্বরের অন্যতম অনুষঙ্গ। গতকাল সেই উৎসব শুরু হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। উদ্বোধনকারীসহ সমবেত সবাই এক বাক্যে দাবি তুলেছেন যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার।গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের স্তম্ভগুলোকে সাজানো হয় লাল-সবুজ কাপড় দিয়ে। তার নিচে উৎসবের ব্যানার। ব্যানারের একপাশে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের প্রতীকী মুখাবয়ব, পাশে উৎসবের স্লোগান, ‘রুখে দাঁড়াও পরাজিতের হুংকার/ যুদ্ধাপরাধীদের বিচার হবেই এবার’। এ স্লোগানটিই বারবার উঠে এল সমবেত লোকজনের মাঝে। শীতের বিকেলে নীলাকাশে লাল-সবুজ বেলুন আর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী-যোদ্ধারা। এর আগে শহীদ মিনারের বেদিতে সব মুক্তিসংগ্রামে শহীদদের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পুরো শহীদ মিনার প্রাঙ্গণ উদ্বেলিত হলো জাতীয় সংগীতের সুমধুর ধ্বনিতে। উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। ঘোষণাপত্রে বলা হয়, মুক্তিযুদ্ধের অগণিত শহীদ ও নির্যাতনের শিকার কোটি মানুষের কাছে জাতির দায় মোচনের অংশ হিসেবে বাংলাদেশে আজ গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার সূচিত হয়েছে। সময় এসেছে ঐক্যবদ্ধভাবে সংগ্রামের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিকভাবে স্বাধীনতাবিরোধী অপশক্তির মূলোৎপাটনের। সাম্প্রদায়িকতা প্রতিরোধ করে যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে শুভ সূচনা হোক এই নব সংগ্রামের।উদ্বোধনীতে গণসংগীত সংগঠন সমন্বয় পরিষদের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন হেমাঙ্গ বিশ্বাসের ‘ভয় কি মরণে’ গানটি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা একাত্তরের উত্তাল দিনের সংগীত পরিবেশন করেন।স্বাগত বক্তব্য দেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। অনুষ্ঠানে একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী-যোদ্ধাদের মধ্যে ছিলেন কামাল লোহানী, সৈয়দ হাসান ইমাম, মনোরঞ্জন ঘোষাল, ফকির আলমগীর, ইন্দ্রমোহন রাজবংশী, তিমির নন্দী, আশরাফুল আলম প্রমুখ।নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, আসাদুজ্জামান নূর, গোলাম কুদ্দুছ, লিয়াকত আলী, মান্নান হীরা প্রমুখ।১১ দিনের এ উৎসব রাজধানীর ১৬টি মঞ্চে অনুষ্ঠিত হবে। ২৮ ডিসেম্বর রাজশাহী ও ২৯ ডিসেম্বর কক্সবাজারের রামুতে এর সমাপনী অনুষ্ঠান হবে। ১৬ ডিসেম্বর সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় শোভাযাত্রা বের হবে।