বিজয় উৎসবে আজ থেকে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক
১ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে বিজয় উৎসব। ‘বাংলার মাটি দুর্জয় ঘাঁটি’ শিরোনামের এ উৎসবে আজ শুরু হচ্ছে মঞ্চনাটকের প্রদর্শনী। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আজ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় এই প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হবে।জানা গেছে, আজ সন্ধ্যায় থাকছে ঢাকা পদাতিকের নাটক কথা ’৭১। নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। আগামীকাল নাগরিক নাট্যাঙ্গনের নাটক সেইসব দিনগুলো (নির্দেশক লাকী ইনাম), ১৫ ডিসেম্বর থিয়েটারের নাটক বলদ (নির্দেশক খ ম হারুণ) এবং শেষ দিন ১৬ ডিসেম্বর থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের নাটক খেতমজুর খৈমুদ্দিন (নির্দেশক গোলাম সারোয়ার)।বিজয় উৎসবের শেষ চার দিন মঞ্চনাটকের প্রদর্শনীর ব্যাপারে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ বললেন, ‘উন্মুক্ত মঞ্চে আমাদের বিজয় উৎসব শুরু হয়েছে ১ ডিসেম্বর। উন্মুক্ত মঞ্চে ছিল পথনাটক, আবৃত্তি, গান ও নাচ। এবার মঞ্চনাটকগুলো মিলনায়তনে নিয়ে এসেছি। সব কটিই মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। আর প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে। আশা করছি, নাটকগুলো দর্শকদের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে সক্ষম হবে।’তিনি জানান, মঞ্চনাটকের পাশাপাশি জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের লবিতে থাকছে নাটকের পোস্টার ও ছবির প্রদর্শনী।