
শহরে কান পাতলেই শোনা যায় বিজয়ের গান কিংবা সম্মিলিত কণ্ঠে কবিতার উদ্দীপ্ত পঙ্ক্তি। মঞ্চগুলোতে শোনা যাচ্ছে স্বদেশপ্রেমের গান। যুদ্ধ দেখা বর্ষীয়ান মানুষেরা নতুন প্রজন্মের সামনে করছেন স্মৃতিচারণ। জীবিত মুক্তিযোদ্ধাকে ঘিরে তাঁদের যুদ্ধদিনের স্মৃতিচারণ শুনেছেন তরুণেরা। বিজয় দিবসের আগের দিন মঙ্গলবার এভাবেই রাজধানী হয়ে ওঠে বিজয় উৎসবের শহর।
বিকেলে শহীদ মিনার চত্বরে গিয়ে দেখা যায়, বড় একটি বাঁশের লাঠিতে জাতীয় পতাকা বেঁধে বসে আছে এক কিশোর। শহীদ মিনারে তখন গাইছিল কেন্দ্রীয় খেলাঘর আসরের শিল্পীরা। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ ছিল ‘বিজয় উৎসব ২০১৫’-এর তৃতীয় দিনের অনুষ্ঠান।
বিকেলে দলীয় সংগীত পরিবেশন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী ও সুরতাল। ছিল একক কণ্ঠে গান ও আবৃত্তি। দলীয় আবৃত্তি পরিবেশন করে স্বরশ্রুতি। ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে নাচের দল ভাবনা। সন্ধ্যায় পথনাটক পুতুলমানব পরিবেশন করে প্রাচ্যনাট।