বিজয় উৎসবের বহুমাত্রিক আয়োজন
চারদিক থেকে ভেসে আসছিল দেশাত্মবোধক গানের সুর। দু-একটা রিকশা-ভ্যানে চড়ে গলা ছেড়ে গাইছে তরুণেরা। যুদ্ধাপরাধীদের প্রতীকী মুখোশ পরা দেখা গেল কাউকে কাউকে।রাজধানীতে গতকাল বৃহস্পতিবার বিজয় দিবসে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় শোভাযাত্রা ছিল এমনই বর্ণিল ও নজরকাড়া। রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় বিজয়োৎসব উদ্যাপিত হলেও তরুণ-তরুণীদের মূল আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয় এলাকা। তাদের পদচারণে মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। শিশু-তরুণদের কারও কারও গালে আঁকা ছিল লাল-সবুজ পতাকা। সবার পোশাকে ছিল লাল-সবুজের প্রাধান্য। শোভাযাত্রায় কেউ কেউ বহন করে বিভিন্ন রঙের ফেস্টুন।সকাল সাড়ে ১০টায় ‘জেনে নাও-শহীদ যোদ্ধা বীর/ যুদ্ধাপরাধীরা আবারও নতশির’ স্লোগান সামনে রেখে বিজয় শোভাযাত্রা বের করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় বক্তব্য দেন বিজয় উদ্যাপন কমিটির আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ, যুগ্ম আহ্বায়ক গোলাম কুদ্দুস, প্রধান সমন্বয়কারী হাসান আরিফ প্রমুখ। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা যুদ্ধাপরাধীদের প্রতীকী কার্টুন বহন করেন। দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এসে শেষ হয় এই বিজয় শোভাযাত্রা।কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল থেকে আবার শুরু হয় জোটের সাংস্কৃতিক অনুষ্ঠান। হাজার হাজার মানুষ এ অনুষ্ঠান দেখতে সেখানে সমবেত হয়। অনুষ্ঠানে ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, দেশাত্মবোধক গান, গণসংগীত, নাচ, কবিতা আবৃত্তি ও পথনাটকের পরিবেশনা।অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, পদাতিক সংগীত সংসদ, সত্যেন সেন শিল্পী সংস্থা ও বিবর্তন। দলীয় গানের ফাঁকে ফাঁকে ছিল নার্গিস চৌধুরী, নাসিমা শাহীন ফ্যান্সী, দেবপ্রসাদ দো, মাহজাবীন রহমান শাঁওল ও মাফিয়া রহমানের একক গান। মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্র, দৃষ্টি, সংবৃতা, মুক্তধারা সংস্কৃতি চর্চাকেন্দ্র দলীয় আবৃত্তি এবং ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আহকামউল্লাহ, ডালিয়া আহমেদ, মাহিদুল ইসলাম প্রমুখ একক আবৃত্তি পরিবেশন করেন।রবীন্দ্রসরোবর জোটের অনুষ্ঠানে শিশু-কিশোর সংগঠন সুরসম্ভার, সুরবিহার, ও আরণ্যক নাট্যদল, পদাতিক নাট্যসংসদের সদস্যদের নাটক ও গানের পাশাপাশি ছিল কবিতা আবৃত্তি।রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মঞ্চে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, স্বভূমির দলীয় গান আর আরিফ রহমান, রীনা ফেরদৌসী, লীনা খান একক গান পরিবেশন করেন। নাটক পরিবেশন করে নাট্যধারা।স্বোপার্জিত স্বাধীনতা চত্বর চলচ্চিত্র মঞ্চে তথ্যচিত্র মুক্তির গান, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চিত্রা নদীর পাড়ে পরিবেশিত হয়। মিরপুরে দুটি মঞ্চে অনুষ্ঠান পরিবেশিত হয়। ঈদগাহ মাঠ মঞ্চে দলীয় আবৃত্তি পরিবেশন করে মিথস্ক্রিয়া। নৃত্য পরিবেশন করে নূপুর একাডেমি। মানস নাট্য অঙ্গনে বর্ণালী থিয়েটার, সাত্ত্বিক নাট্য সম্প্রদায় নাটক পরিবেশন করে। টাউন হল মুক্তমঞ্চে দলীয় সংগীত পরিবেশন করে মিরপুর সাংস্কৃতিক একাডেমি, মুকুল ফৌজ ও আনন্দমেলা। দনিয়া বর্ণমালা উচ্চবিদ্যালয় মাঠ মঞ্চে আরোহী, সুরতাল, কচি-কাঁচা দলীয় সংগীত ও অন্তরদৃষ্টি নাট্যদল নাটক পরিবেশ করে।চ্যানেল আই চত্বরে বিজয়মেলাচ্যানেল আইয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয় মেলা। তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের নিজস্ব ভবন চত্বরে সকালে ৪০টি শান্তির পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা, স্বাধীন বাংলা ফুটবল দল, চিত্রশিল্পী, লেখক, শিক্ষাবিদ, চলচ্চিত্র ব্যক্তিত ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা। ‘রবি-চ্যানেল আই বিজয়মেলা’ নামের এ মেলায় আজীবন সম্মাননা দেওয়া হয় স্বাধীন বাংলা বেতারের অভিনেতা চাঁদ প্রবাসীকে।চাঁদ প্রবাসীর হাতে ৫০ হাজার টাকার চেক ও স্মারক তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তাপ্রধান শাইখ সিরাজ, রবির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও নাসির উদ্দীন ইউসুফ। এ ছাড়া তিনি আজীবন প্রতি মাসে ১০ হাজার টাকা করে পাবেন বলে ঘোষণা দেওয়া হয়। চাঁদ প্রবাসী স্বাধীন বাংলা বেতারে তাঁর অভিনয়জীবনের স্মৃতিচারণা করেন।দিনব্যাপী মেলায় আসেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা। আগত ব্যক্তিরা বিজয় দিবসের স্মৃতিচারণা করেন। এ ছাড়া ছিল আবৃত্তি, নৃত্য ও নৃত্যনাট্য। ছিল বিভিন্ন ধরনের প্রায় ২০টি স্টল। একপাশে ছিল ছবি আঁকার আয়োজন। বিজয়ের চিত্রাঙ্কন করেন দেশের খ্যাতনামা চিত্রশিল্পীরা। চিত্রমালা বিক্রয়ের অর্থ মুক্তিযুদ্ধ জাদুঘরকে দেওয়া হবে।বাংলা একাডেমীর অনুষ্ঠানমুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। বিকেলে একাডেমীর নজরুল মঞ্চে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ‘শশাঙ্ক থেকে শেখ মুজিব: স্বাধীন বাংলাদেশের ইতিবৃত্ত’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। আলোচনা করেন শাহ্দীন মালিক ও অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। স্বাগত ভাষণ দেন একাডেমীর মহাপরিচালক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আমানুল হকের পরিচালনায় ‘বাংলাদেশ’ শীর্ষক গীতি-নৃত্যালেখ্য পরিবেশন করে ‘বাংলাদেশ ব্যালে ট্রুপ’-এর সদস্যরা।বিজয় দিবস চিত্রমেলা মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে গতকাল বিমানবন্দর সড়কের বেঙ্গল সেন্টারে দেশের প্রবীণ ও নবীন শিল্পীদের নিয়ে তিন দিনব্যাপী ‘বিজয় দিবস চিত্রমেলা’ নামের আর্ট ক্যাম্প শুরু হয়েছে। সকালে ক্যাম্পের উদ্বোধন করেন শিল্পী মুস্তাফা মনোয়ার, কাইয়ুম চৌধুরী ও হাশেম খান।ক্যাম্পে ৩৫ জন শিল্পী অংশ নিয়েছেন। এর মধ্যে আছেন মুস্তাফা মনোয়ার, কাইয়ুম চৌধুরী, সমরজিৎ রায় চৌধুরী, হাশেম খান, সৈয়দ জাহাঙ্গীর, মাহমুদুল হক, হামিদুজ্জামান খান, ফরিদা জামান, বীরেন সোম, নাসিম আহমেদ নাদভী, মোহাম্মদ ইউনুস, নাসরীন বেগম, কনকচাঁপা চাকমা, বিপাশা হায়াত প্রমুখ। ক্যাম্প চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।মুক্তিযুদ্ধের স্মৃতিকথা ‘ঘুম নেই’ঘুম নেই নাটকটি প্রথম মঞ্চে আসে ১৯৯৪ সালে। মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফের স্মৃতি থেকে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন জন মার্টিন। নাটকটি গতকাল সন্ধ্যায় আবারও শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হয়। নাটকটির গল্প মুক্তিযুদ্ধের একটি সত্য ঘটনা অবলম্বনে। এখানে উঠে এসেছে সাহসী সব মুক্তিযোদ্ধার কথা। অভিনয় করছেন উৎপল চক্রবর্তী, কামরুজ্জামান, ইকবাল চৌধুরী, মাধুরী ধর, উজ্জ্বল আচার্য প্রমুখ।ছায়ানটের আয়োজন ছায়ানটের বিজয় দিবসের অনুষ্ঠান ছিল তাদের মিলনায়তনে। শুরুতে শিশু শিক্ষার্থীরা সমবেতভাবে পরিবেশন করে ‘এসো গাই দেশের জয় গান’, ‘আমি ভয় করব না’সহ তিনটি গান। এরপর মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। ছায়ানটের শিশু শিক্ষার্থীরা আবার মঞ্চে পরিবেশন করে ‘বলো নাহি ভয়, নাহি ভয়’ গানটি। শেষে ছিল শামীম আখতার পরিচালিত চলচ্চিত্র ইতিহাস কন্যার প্রদর্শনী। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় অনুষ্ঠান।