বিজয় দিবসে মোশাররফ করিম-মৌটুসীর 'কাকতাড়ুয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কাকতাড়ুয়া’ নাটকের দৃশ্য
‘কাকতাড়ুয়া’ নাটকের দৃশ্য

বিজয় দিবস উপলক্ষে বাংলাভিশনে ১৬ ডিসেম্বর রাতে প্রচারিত হবে মোশাররফ করিম ও মৌটুসী বিশ্বাস অভিনীত নাটক ‘কাকতাড়ুয়া’। মাসুদ সেজান পরিচালিত নাটকটির নির্মাণকাজ সম্প্রতি শেষ হয়েছে। ‘কাকতাড়ুয়া’ নাটকের গল্পে রুদ্র আরিফ (মোশাররফ করিম) শহীদ মুক্তিযোদ্ধার সন্তান। সে মনে করে, যে স্বপ্ন নিয়ে তার বাবা যুদ্ধে গিয়েছিলেন, স্বাধীনতার এত বছর পরও তা অর্জিত হয়নি। বাবার স্বপ্ন বাস্তবায়নের জন্য রুদ্র কাজ করে। কানাডাপ্রবাসী মেয়ে লির (মৌটুসী বিশ্বাস) সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে পরিচয় হয় তার। তারপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। একটা সময় লি বাংলাদেশে আসে। রুদ্রকে কানাডায় নিয়ে যেতে চায়। আর তখনই বাবার কথা মনে পড়ে রুদ্রর। সে ভাবে, বাবার স্বপ্নের যে অসমাপ্ত কাজগুলো বাকি আছে তার কী হবে? এ রকমই এক মানসিক টানাপোড়েন নিয়ে রুদ্র যখন বেসামাল, তখন জানতে পারে লি ওরফে আকলিমা একজন রাজাকারের সন্তান। তখনই ঘটনা মোড় নেয় অন্যদিকে।

নাটকটির নাট্যকার ও পরিচালক মাসুদ সেজান বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে তৈরি করা হলেও ‘‘কাকতাড়ুয়া’’ এই সময়ের একটি নাটক। যুদ্ধ-পরবর্তী প্রজন্মের দেশপ্রেম ও দায়বদ্ধতা বোধের একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আশা করি, নাটকটি দর্শককে এই সময়ের বাস্তবিক অবস্থা নিয়ে একটু হলেও ভাবাবে।’

‘কাকতাড়ুয়া’ নাটকটিতে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন, তারিক স্বপন, মিলন ভট্টাচার্য, আল আমিন ও টোকাই নাট্য দলের সদস্যরা।