বিজয় দিবসে যাত্রানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলার লোকনাট্য যাত্রা সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবসেবা ও মুক্তিযুদ্ধের চেতনার আদর্শে দীক্ষিত। এবার বিজয় দিবসে তারই প্রতিফলন ঘটেছে যাত্রামঞ্চে। রাজবাড়ীর পাংশার মাচপাড়া কলেজ মাঠে আনন্দ অপেরা বিজয় দিবসের রাতে মঞ্চায়ন করে রক্তাক্ত সোনার বাংলা নামে একটি মুক্তিযুদ্ধের যাত্রাপালা, যার কাহিনি আবর্তিত হয়েছে মুক্তিযুদ্ধের শুরু থেকে চূড়ান্ত বিজয় অর্জন পর্যন্ত। পালার উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ, নূরে আলম সিদ্দিকী, আ স ম আবদুর রব, শাজাহান সিরাজ। পরদিন রাতে দলটি মা বিক্রি মামলা নামে আরও একটি মুক্তিযুদ্ধের পালা মঞ্চায়ন করে। এ পালাটিতে এ দেশের রাজাকার, আলবদর, আল-শামস বাহিনীর সহায়তায় পাকিস্তানি হানাদারের নির্মম অত্যাচারে শরণার্থী হয়ে দেশত্যাগ করা মানুষের জীবনের করুণ চিত্র ফুটে উঠেছে। আনন্দ অপেরা দুটি মুক্তিযুদ্ধের পালা মঞ্চায়ন ছাড়াও বিজয় দিবসে নানা আনুষ্ঠানিকতার ভেতর দিয়ে দিনব্যাপী দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও গীতি আলেখ্য মঞ্চায়ন করে। একই থানার বহরডাঙ্গা বঙ্গবন্ধু কলেজ মাঠে বিজয় দিবস ও পরদিন পরপর দুই রাতে মা বিক্রির মামলা ও ভাইয়ের রক্তে ভাইফোঁটা পালা মঞ্চায়ন করে আদি রাজমহল অপেরা। ভাইয়ের রক্তে ভাইফোঁটা পালাটিতে মুক্তিযুদ্ধ এসেছে প্রতীকী হিসেবে। পাংশার বিকয়াবাজারে চৈতালী অপেরাও বিজয় দিবসের রাতে রক্তাক্ত একাত্তর নামে একটি মুক্তিযুদ্ধের পালা মঞ্চায়ন করে। পালা কাহিনিতে মুজিবনগর সরকার গঠন পর্যন্ত দক্ষিণাঞ্চলের মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র অঙ্কিত হয়েছে। এ পালার অন্যতম চরিত্র হচ্ছে মেজর জলিল, কর্নেল গফফার, হাবিলদার মান্নান, মুক্তিযোদ্ধা কমান্ডার মানিক এবং তাজউদ্দীন আহমদ। পাংশার পাশাপাশি বালিয়াকান্দি থানার কলেজ মাঠে নিউ রংমহল অপেরা মঞ্চায়ন করে রক্তাক্ত একাত্তর। মনোহরদী বিজয়মঞ্চে আদি বলাকা মঞ্চায়ন করে মুক্তিযুদ্ধের পালা সোনার বাংলা। খুলনা অঞ্চলের মুক্তিযুদ্ধের আঞ্চলিক দলিল এটি। নড়াইলে নিউ ভোলানাথ অপেরা মঞ্চায়ন করে বাঘা সিদ্দিকী। মুক্তিযুদ্ধের সময় কাদের সিদ্দিকীর বীরত্ব, ওই অঞ্চলের খণ্ডযুদ্ধ নিয়ে রচিত এই পালা। বিজয় দিবসের প্রস্তুতি হিসেবে বলাকা শিল্পীগোষ্ঠী ঢাকার কামরাঙ্গীরচরে মঞ্চায়ন করে বঙ্গবন্ধু ও বাংলাদেশ। খুলনার ডুমুরিয়াতে কবি নজরুল সাহিত্য সংসদ ও মোসলেম খাঁ মানিক যাত্রা সম্প্রদায় যথাক্রমে—দুঃসময় ও দোজাকের মুসাফির মঞ্চায়ন করে। এ মৌসুমের যাত্রাদলে অধিকসংখ্যক মুক্তিযুদ্ধের পালা এসেছে। মুক্তিযুদ্ধের পালা নির্দেশকেরা হচ্ছেন বকুল হায়দার, কুমার দেবদাস, হাবিব সরোয়ার, কবির খান, সুলতান সেলিম, এম এ রাজ্জাক, শেখ আবদুল লতিফ, জাকির, মোসলেম খাঁ ও এম এ সালাম।