বিজয় দিবসে ‘আমার বন্ধু রাশেদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী বিজয় দিবসে। জানালেন ছবিটির পরিচালক মোরশেদুল ইসলাম। একই নামের মুহম্মদ জাফর ইকবালের জনপ্রিয় একটি উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি করছেন তিনি। ১৯৭১ সালে মফস্বল শহরের কয়েকজন কিশোর কীভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ে, তাই নিয়ে ছবির গল্প। মোরশেদুল ইসলাম আরও জানান, এরই মধ্যে ছবির চিত্র ধারণের কাজ শেষ হয়েছে। নেগেটিভ পরস্ফুিটন ও ডলবি ডিজিটাল সাউন্ডসহ চূড়ান্ত মুদ্রণের কাজ করার জন্য ১৫ এপ্রিল ভারতের চেন্নাইয়ে প্রাসাদ ফিল্ম ল্যাবরেটরিজে যাচ্ছেন তিনি। এরপর হবে আনুষঙ্গিক আরও কিছু কাজ। ছবিটির চিত্র ধারণের কাজ হয়েছে দিনাজপুর, ময়মনসিংহ ও মংলায়। তিনি বলেন, ‘ছবিটি সরকারি অনুদানে তৈরি করছি। কিন্তু সরকারি অনুদানের টাকায় ছবির এক-তৃতীয়াংশ কাজও হয়নি। এ ব্যাপারে আরও সহযোগিতা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও ফুজি ফিল্ম। কয়েকটি বিশেষ দৃশ্য ধারণের জন্য সেনাবাহিনী ও নৌবাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে।’তিনি আরও বলেন, ‘আমাদের এখানে যুদ্ধের দৃশ্যগুলো চলচ্চিত্রে ফুটিয়ে তোলার ব্যাপারে বেশ ঘাটতি দেখা যায়। আমার ছবিতে তার কিছুটা পূরণের চেষ্টা করেছি। যুদ্ধের দৃশ্যগুলো যতটা বাস্তবসম্মত করা যায়, তার পুরো চেষ্টাই আমাদের ছিল।’ছবিতে রাশেদের ভূমিকায় অভিনয় করেছে জাওয়াতা আফনান। এ ছাড়া অন্য শিশুশিল্পীরা হলো ইবতেশাম চৌধুরী, রিফায়েত জিন্নাত, ফাইয়াজ বিন জিয়া, লিখন রাহি, কাওসার আবেদীন ও কাজী রায়হান সোকাহান।অন্য অভিনয়শিল্পীরা হলেন রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ইনামুল হক, আরমান পারভেজ, ওয়াহিদা মল্লিক, হুমায়রা হিমু প্রমুখ।