বিজয় দিবসে ‘গেরিলা’
‘সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান উপন্যাসের মূল চরিত্র বিলকিস। এই উপন্যাস নিয়ে আমি এবার তৈরি করছি চলচ্চিত্র গেরিলা। ছবিতেও বিলকিসকেই প্রাধান্য দেওয়া হয়েছে। চরিত্রটিতে অভিনয় করছেন জয়া আহসান। খুব ভালো অভিনয় করছে ও।’ নিজের নতুন ছবি গেরিলা ও জয়া আহসানের অভিনয় নিয়ে এভাবেই বললেন নাসির উদ্দীন ইউসুফ।নাসির উদ্দীন আরও বললেন, ‘ছবির শুটিংয়ের জন্য ৬৫ দিন নির্ধারণ করেছি। এরপর প্রয়োজনীয় সব কাজ শেষ করে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।’এরই মধ্যে গেরিলা ছবির শুটিং হয়েছে সাত দিন। পাঁচ দিনই শুটিংয়ে অংশ নিয়েছেন জয়া। ছবিতে প্রথম দিনের কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জয়া বললেন, ‘আমরা প্রথম দিন কাজ করেছিলাম তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসের সামনে। সেদিন একটি দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলাম। আমরা একটি গাড়িতে করে যাচ্ছি। গাড়িটি অনেক পুরোনো। সেই মুক্তিযুদ্ধের সময়ের। আমাদের পাশ দিয়ে চলে যায় পাকিস্তান আর্মির একটি গাড়ি। আমাদের গাড়ির চালকের চোখেমুখে একটু ভয়ের ছাপ ছিল। আসলে ওটা ছবিরই একটি দৃশ্য। কিন্তু পরে তিনি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ আমাদের গাড়িটির একটি পিলারের সঙ্গে জোরে ধাক্কা লাগে। আমি মাথাটা নিচু করে ফেললাম। মনে হলো, আমি শেষ। এদিকে ক্যামেরা চলছে। ওই শটটিই পরিচালকের খুব পছন্দ হয়েছে।’জয়া আরও বলেন, ‘আমি তো মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু এই ছবিতে কাজ করতে এসে মুক্তিযুদ্ধের ওই সময়টাকে বেশ অনুভব করতে পারছি। কারণ, এই ছবির জন্য সে রকম আয়োজনই করা হয়েছে। আর আমিও ওই সময়টাকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেছি।’