বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবসের কর্মসূচি নিয়ে কথা বলছেন ছায়ানট সভাপতি সন্‌জীদা খাতুন l প্রথম আলো
বিজয় দিবসের কর্মসূচি নিয়ে কথা বলছেন ছায়ানট সভাপতি সন্‌জীদা খাতুন l প্রথম আলো

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার আন্দোলন ছিল বাঙালিত্বের পথে যাত্রা। কিন্তু ১৬ ডিসেম্বর বিজয়ের যে চেতনায় আমাদের উদ্বুদ্ধ করেছিল, সেই চেতনা এখন মানুষের মাঝে নেই। আমরা তা ভুলে গেছি। আমরা নষ্ট হয়ে গেছি। পাকিস্তান আমলে পয়লা বৈশাখে যে প্রত্যয়ে আমরা বর্ষবরণের আয়োজন শুরু করেছিলাম, আজ সেই প্রত্যয় নিয়েই আমরা বিজয় দিবসের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি।’
ছায়ানট সভাপতি সন্জীদা খাতুন গতকাল ছায়ানটের বিজয় দিবসের কর্মসূচি জানানোর উদ্দেশ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন। তিনি দুঃখ করে বলেন, সংস্কৃতিহীনতার কারণেই আজ বাংলাদেশের এই সংকটকালীন পরিস্থিতি। কারণ, রাজনীতিবিদদের মধ্যেই সংস্কৃতিচর্চা নেই, বোধ নেই।
১৬ ডিসেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছায়ানট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে গাওয়া হবে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।’ অনুষ্ঠানের পুরো আবহে থাকবে বাংলাদেশ, জাতীয় পতাকা, জাতীয় সংগীত। জাতীয় সংগীত গাইতে গাইতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
আয়োজন প্রসঙ্গে ছায়ানট তাদের ঘোষণাপত্রে বলছে, সংস্কৃতি দিয়ে আবারও বাঙালিকে এক করা সম্ভব। দেশে যে হানাহানি শুরু হয়েছে, মানুষে মানুষে বিভেদ প্রকট হয়ে উঠছে, এ পরিস্থিতিতে দেশকে-মানুষকে ভালোবাসার গান দিয়ে একত্র করতে পারলে মানুষে মানুষে বিভেদ দূর হবে।
১৬ ডিসেম্বর বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হবে ৪০ মিনিটের এই অনুষ্ঠান। ৪ হাজার শিল্পী এই অনুষ্ঠানে অংশ নেবেন। আয়োজকেরা আশা করছেন, পুরো অনুষ্ঠানে লোকসংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে।
অনুষ্ঠানের মঞ্চবিন্যাসেও থাকবে অভিনবত্ব। মাঠের মাঝখানে বর্গাকারে মঞ্চ স্থাপন করা হবে। মঞ্চের মাঝখানে থাকবে পতাকা স্তম্ভ। মঞ্চের নিচে দর্শকের দিকে মুখ করে দাঁড়াবেন শিল্পীরা। আয়োজকেরা জানিয়েছেন, জাতীয় পতাকার গাঢ় সবুজ রং ছাড়া অন্য রঙের পোশাকে মাঠে প্রবেশ করা যাবে না। ছেলেদের পরতে হবে ফতুয়া বা পাঞ্জাবি, মেয়েদের জন্য শাড়ি কিংবা সালোয়ার-কামিজ। নিরাপত্তার স্বার্থে বড় ব্যাগ আনা যাবে না।
গতকাল ছায়ানট ভবনের প্রধান মিলনায়তনে নতুন এ আয়োজনের কথা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছায়ানট সভাপতি সন্জীদা খাতুন ছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক খায়রুল আনাম ও ছায়ানটের প্রধান নির্বাহী সিদ্দিক বেলাল।