
কেন্দ্রীয় শহীদ মিনারের মঞ্চে বাজছে বিজয়ের গান ‘বিজয় নিশান উড়ছে ওই’ আর স্বাধীন বাংলার মুক্ত আকাশে মুক্তির আনন্দে উড়ে যাচ্ছে বর্ণিল সব বেলুন। মঞ্চে গানের সুরকার সুজেয় শ্যামসহ অনেকেই ঠোঁট মেলালেন গানের সুরে। সামনে একদল শিল্পীর উচ্ছল নৃত্য। আকাশে ওড়ানো বেলুনের সঙ্গে মুক্তির গান বেজে ওঠার পর উপস্থিত দর্শকদের চোখে-মুখেও ফুটে ওঠে আনন্দের উদ্ভাস।
শহীদ মিনারের পাদদেশে গতকাল রোববার যাঁরা এসেছিলেন তাঁদের অনেকের পোশাকে ছিল লাল-সবুজের প্রাধান্য। কারও কারও হাতে ছিল জাতীয় পতাকা।
‘যুদ্ধাপরাধীদের বিচারের পথে, জঙ্গিবাদকে দাঁড়াও রুখে’—এই স্লোগান নিয়েই শুরু হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই বিজয় উৎসব।
গতকাল বিকেলে শহীদ মিনারের মূল বেদিতে জোটের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ছিল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন। বেজে ওঠে জাতীয় সংগীতের সুর। দাঁড়িয়ে কণ্ঠ মিলিয়ে জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শন করেন শত জনতা। এরপর ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল’ গানটি পরিবেশন করেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের শিল্পীরা। উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন রামেন্দু মজুমদার। ঘোষণাপত্রে যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া দ্রুততর করার দাবি উত্থাপন করা হয়। মানবতার শত্রু জঙ্গিবাদকে সর্বতোভাবে প্রতিহত করে বাংলাদেশকে সম্প্রীতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।
স্বাগত বক্তব্য দেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। উদ্বোধক সুজেয় শ্যাম বক্তৃতায় বলেন, ‘মুক্তিযুদ্ধের ৪৫ বছর পর এসে আজ যে সম্মান পেয়েছি, তাতে নিজেকে ধন্য মনে করছি।’ তিনি বলেন, ‘আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বাংলার হিন্দু মুসলমান খ্রিষ্টান বৌদ্ধ সবাই মিলে একসঙ্গে কাজ করেছি। আমরা হয়তো একদিন থাকব না, কিন্তু এই পতাকা থাকবে এবং তার দায়িত্ব নতুন প্রজন্মকেই বহন করতে হবে।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে বক্তব্য দেন নাট্যজন মামুনুর রশীদ, সংস্কৃতি ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, মফিদুল হক, মান্নান হীরা, ঝুনা চৌধুরী প্রমুখ।
আলোচনাপর্বের পর ছিল সাংস্কৃতিক আয়োজন। একক গান পরিবেশন করেন সমর বড়ুয়া ও আরিফ রহমান। আবৃত্তি করেন ডালিয়া আহমেদ, এনামুল হক। ‘জাগো’ শীর্ষক কোরিওগ্রাফি পরিবেশন করে মহাকাল নাট্য সম্প্রদায়।
ঢাকার বিভিন্ন এলাকায় একযোগে বিজয়ের এই উৎসব চলবে। এ ছাড়া সারা দেশে অধিকাংশ জেলায় জোটের সদস্য সংগঠনগুলোও স্থানীয়ভাবে নানা আয়োজন করবে। আট দিনব্যাপী বর্ণাঢ্য এই বিজয় উৎসবে একসঙ্গে মাতবে দেশ।