বিজয় নিশান উড়ছে ওই
গানগুলো রক্তে ধরিয়ে দিত আগুন। একেকটি গান যেন একেকটি মারণাস্ত্র। মুক্তিযোদ্ধারা ক্যাম্পে বসে শুনতেন সেই গান। এ যেন সমরনায়কের নির্দেশ। সেই নির্দেশিত পথে লক্ষ্যে পৌঁছানোর তাড়না। মুক্তিযুদ্ধের নয় মাস স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গানগুলো মুক্তিসংগ্রামকে বেগবান করেছে। দেশবাসীর মনে জুগিয়েছে অপরিসীম সাহস। সে এক অদ্ভুত সময়। এই ভূখণ্ডের প্রতিটি মানুষের হূদয়তন্ত্রীতে তখন একটি শব্দই ধ্বনিত-প্রতিধ্বনিত হচ্ছে—‘স্বাধীনতা’। শব্দটি পরিচিত, কিন্তু কী তার আস্বাদ, তা জানা হয়ে ওঠেনি তখনো। লড়াই চলছে ফ্রন্টে। উদ্বাস্তু শিবিরে বেঁচে থাকার আশায় উন্মুখ মানুষ। নিজ বাসভূমে পরবাসী বাংলার জনগণ সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়, সে মুহূর্তটিতে ঘোষিত হবে বিজয়বার্তা। শত নির্যাতনে জীর্ণ-শীর্ণ মানুষের মনে আশার আলো জ্বালিয়ে রেখেছিল গানগুলো।একাত্তর থেকে অনেকটা দূরে এসে কি সেই অনুভূতিকে ধরা যায়?সাড়ে সাত কোটি মানুষের দেশে এরা তো অল্প কজন মানুষ। কিন্তু এই অল্প কয়েকজনই খুললেন মুক্তিযুদ্ধের একটি সাহসী ফ্রন্ট। কথা, সুর আর গায়কি এত শক্তি রাখে, সেটা কি জানত কেউ?এই গানগুলো নিয়ে আগেও লেখা হয়েছে আনন্দের পাতায়। বিজয়ের মাসে আবার লিখছি মনে করিয়ে দেওয়ার জন্য। ইতিহাসের ওই উজ্জ্বল সময়টি অজর-অমর-অক্ষয়। নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাইছি সেই বার্তা।মনে পড়ে গোবিন্দ হালদারের সেই খাতাটির কথা। কানাডার মন্ট্রিয়াল-প্রবাসী বাঙালি কামাল আহমেদের অনুপ্রেরণায় লিখে ফেললেন ১৫টি গান। সে গান এল স্বাধীন বাংলা বেতারের অন্যতম কর্ণধার কামাল লোহানীর হাতে। একদিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ইথারে ভেসে এল ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল’ গানটি। অমর এই গানটির সুরকার ছিলেন সমর দাস। এরপর ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’। এটির সুর করেছিলেন আপেল মাহমুদ, গেয়েছিলেন তিনি। গোবিন্দ হালদারের খাতা থেকে সাতটি গান প্রচারিত হয়েছিল বেতারকেন্দ্র থেকে। যুদ্ধ শেষে ‘এক সাগর রক্তের বিনিময়ে’ গানটিও আপেল মাহমুদের সুরে। গেয়েছিলেন স্বপ্না রায়। আমাদের মনে পড়ে যায় ‘রক্ত দিয়ে নাম লিখেছি’ গানটির কথা। আবুল কাশেম সন্দ্বীপ লিখেছিলেন গানটি। সুর করেছিলেন সুজেয় শ্যাম। এ গানগুলোতে যে অনুপ্রেরণা পুঞ্জীভূত ছিল, তা বিরল। ‘জয় বাংলা বাংলার জয়’ গানটি কোনো দলীয় গান নয়। এটি ছিল একাত্তরে প্রত্যেকটি মানুষের মিলনবিন্দু। গাজী মাজহারুল আনোয়ার লিখেছিলেন গানটি। সুর করেছিলেন আনোয়ার পারভেজ। মৃত্যুর আগে অভিমানী আনোয়ার পারভেজ বলেছিলেন, আমাকে যেন মরণোত্তর সম্মাননা না দেওয়া হয়।‘তীরহারা এই ঢেউয়ের সাগর’ লিখেছিলেন ও সুর দিয়েছিলেন আপেল মাহমুদ। ওই গানে রথীন্দ্রনাথ দত্তের ‘ও...’ বলে যে বিস্তারটি আছে, তা কখনো ভোলা যায় না। ‘শোনো একটি মুজিবরের থেকে’ গানটি লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। সুর করেছিলেন অংশুমান রায়। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা ‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ’ গানটি সুর করেছিলেন সমর দাস। অসাম্প্রদায়িক বাঙালির আত্মপরিচয় ফুটে উঠেছিল এই গানে। এ রকম অনেক গান রয়েছে, যেগুলো প্রচারিত হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। তবে ‘বিজয় নিশান উড়ছে ঐ’ গানটির কথা না বললে কিছুই বলা হয় না। ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনি ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করবে, এটা জানা হয়ে গিয়েছিল। সকালেই আশফাকুর রহমান খান বললেন, বিজয় নিয়ে একটি গান লিখতে হবে। লিখতে বসে গেলেন শহিদুল ইসলাম। ডাক পড়ল শিল্পীদের। সুর করলেন সুজেয় শ্যাম। গানটির লিড ধরলেন অজয় রায়। প্রায় ২০-২৫ জন শিল্পী সেই গান করলেন। ঢাকায় যখন নিয়াজি আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করছেন, তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভেসে আসছিল এই গান...।