বিজয় মেলায় প্রাণের উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় মেলায় রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সুরের ধারার শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। ছবি: সংগৃহীত
বিজয় মেলায় রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সুরের ধারার শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। ছবি: সংগৃহীত

চ্যানেল আই ভবনের চেতনা চত্বর আজ সেজেছে লাল-সবুজের রঙে। বর্ণিল মঞ্চ, তোরণ আর ফেস্টুনে সুসজ্জিত মেলা প্রাঙ্গণ। বিজয় দিবস উপলক্ষে সোমবার চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘চ্যানেল আই বিজয় মেলা ২০১৯’। সেখানে মিলিত হয়েছিলেন সব শ্রেণি-পেশার বীর মুক্তিযোদ্ধারা। মেলায় এসে তাঁরা খুঁজে পান হারানো স্মৃতি, মিলিত হন বিজয়ের প্রাণের উচ্ছ্বাসে।

বেলা ১১টা ৫ মিনিটে ‘আমি বাংলাদেশ’ স্লোগানে জাঁকজমকপূর্ণ এ মেলার উদ্বোধন করেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী আজাদ রহমান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তিমির নন্দী, কাদেরী কিবরিয়া, ফকির আলমগীর, শাহীন সামাদ, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য সাইদুর রহমান প্যাটেল, খেতাবধারী মুক্তিযোদ্ধা, বিদেশি পর্যটক, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আই পরিচালনা পর্ষদের সদস্য মুকিত মজুমদার বাবু, জহির উদ্দিন মাহমুদ, গ্রামীণফোনের হেড অব অপারেশন্স সাজ্জাদ হাসিব ও হেড অব কমিউনিকেশন্স খায়রুল বাশার, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, ঐক্য স্টোরের জান্নাতুল ফেরদৌসী তিথিসহ সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। লাল-সবুজের বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা।

উদ্বোধনীতে ইমপ্রেস গ্রুপের পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, ‘আমাদের সবার ক্ষমতার সাথে যদি একটু মমতা মিশিয়ে দেশটাকে ভালোবাসি, আমার বাংলাদেশ, আমি বাংলাদেশ তাহলেই সার্থক হবে।’

বর্ণিল বেলুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন অতিথিরা। ছবি: সংগৃহীত
বর্ণিল বেলুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন অতিথিরা। ছবি: সংগৃহীত

এ সময় রেজওয়ানা চৌধুরী বন্যার সুরের ধারার শিল্পীরা দেশের গান পরিবেশন করেন। মেলায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের হাতে চিত্রশিল্পী কামাল উদ্দিনের আঁকা একটি ছবি তুলে দেওয়া হয়।

নৃত্যনাট্য পরিবেশন করেন শিল্পীরা । ছবি: সংগৃহীত
নৃত্যনাট্য পরিবেশন করেন শিল্পীরা । ছবি: সংগৃহীত

মেলা প্রাঙ্গণ ছিল লাল-সবুজের উন্মুক্ত মঞ্চ, তোরণ এবং ফেস্টুনে সুসজ্জিত। স্টলগুলোতে সাজানো ছিল মুক্তিযুদ্ধের নানা দলিল, গ্রন্থমালা, আলোকচিত্র ও মুক্তিযোদ্ধাদের ডায়েরি। বিভিন্ন সময়ে সংগীতশিল্পী রফিকুল আলম, ফকির আলমগীর, কিরণ চন্দ্ররায়, শাহীন সামাদ সংগীত পরিবেশনার পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন। আরও পরিবেশিত হয়েছে মূকাভিনয়, নৃত্য এবং শিশুদের চিত্রাঙ্কন। শিল্পী অণিমা রায় সুর বিহারের শিল্পীদের নিয়ে ‘আমরা সবাই রাজা’ পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেছেন সেরা নাচিয়ে, জুনিয়র এইট স্কুল, চিত্রনায়িকা মিষ্টি মারিয়ার দলের শিল্পীরাসহ অন্যরা।

মেলায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ কম মোজাম্মেল হকের হাতে একটি চিত্রকর্ম তুলে দেওয়া হয়। ছবি: সংগৃহীত
মেলায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ কম মোজাম্মেল হকের হাতে একটি চিত্রকর্ম তুলে দেওয়া হয়। ছবি: সংগৃহীত