বিজয়কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় ছিল, যখন বক্স অফিসে ব্যবসাসফল ছবির নির্মাতারা জাতীয় পুরস্কার অর্জনের স্বপ্ন দেখার সাহস করতেন না। কারণ সেখানে তো জয়জয়কার ছিল আর্ট ফিল্মগুলোর। পুরস্কার জিততে হলে ওই নির্দিষ্ট ঘরানাতেই কাজ করতে হতো শিল্পীদের। কিন্তু এখন দিন বদলেছে। ২৮ মার্চ ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হলো। এবারের বিজয়ীদের তালিকা দেখলেই এই বদলে যাওয়ার চিত্রটা আরও স্পষ্ট হবে।

অমিতাভ
অমিতাভ

এখনো অমিতাভ
বড় পর্দায় সর্বাধিকবার ‘বিজয়’ হয়েছেন তিনি। অর্থাৎ প্রায় ২২টি ছবিতে অমিতাভের চরিত্রের নাম ছিল বিজয়। সেই পর্দার বিজয়ের কাছে পরাজয় তো এক দূরের শোনা গল্পের মতো! তাই তো ৭৩ বছরে এসেও থামেনি এ অভিনেতার জয়রথ। চরিত্র সে যারই, যেমনই হোক না কেন, অমিতাভ নিজেকে ভেঙেচুরে প্রতিটি চরিত্রের জন্য একেবারে নতুন করে প্রস্তুত করেন। এই যেমন ২০০৯ সালে পা ছবিতে ১৪ বছর বয়সী এক ছেলের চরিত্রে অভিনয় করে তিনি জিতে নিয়েছিলেন তাঁর অভিনয়জীবনের তৃতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর ঠিক ছয় বছর পর এবার বার্ধক্যে জর্জরিত এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করে পিকুর জন্য পেয়েছেন চতুর্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
এর আগে অগ্নিপথ (১৯৯০) ও ব্ল্যাক (২০০৪) ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন অমিতাভ।

.
.

আসন ছাড়েননি ‘কুইন’
ইতিহাসে এমনটা খুব কমই হয়েছে। বলিউড অভিনেত্রী শাবানা আজমি ও তামিল অভিনেত্রী অর্চনা এর আগে পরপর দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের গৌরব অর্জন করেছিলেন। এবার কঙ্গনা রনৌতের নামও যুক্ত হলো এই কাতারে। তনু ওয়েডস মনু রিটার্নস ছবির জন্য নিজের অভিনয়জীবনের তৃতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন হিমাচল প্রদেশের এই কন্যা। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে মাত্র সাতজন অভিনেত্রী রয়েছেন, যাঁরা জীবনে দুবার জিতেছেন এই সম্মাননা। এ তালিকায় আছেন স্মিতা পাতিল, টাবুর মতো গুণী অভিনেত্রীদের নাম। তাই এখন শুধু চরিত্রের নাম বলেই নয়, আক্ষরিক অর্থেই কঙ্গনা ধীরে ধীরে ‘বলিউডের কুইন’-এর আসনে নিজের অবস্থান পোক্ত করছেন।

বাজিরাও মাস্তানি
বাজিরাও মাস্তানি

স্বীকৃতি মিলল অবশেষে
সেই শুরু থেকেই ভিন্ন ধারার ও ব্যবসাসফল চলচ্চিত্র তৈরি করছেন সঞ্জয়লীলা বানশালী। হোক তা প্রথম ছবি পারিন্দা (১৯৮৯), বলিউডি ঘরানার দেবদাস (২০০৪), মূলধারার বাইরের ব্ল্যাক (২০১০) কিংবা ব্যবসাসফল রামলীলা (২০১৪)। কোনো ছবি দিয়েই সেরা নির্মাতার

সঞ্জয়লীলা বানশালী
সঞ্জয়লীলা বানশালী

স্বীকৃতিটি অর্জন করতে পারছিলেন না তিনি। তাঁর সৃষ্টিগুলো জিতেছে সেরা চলচ্চিত্র আর বিনোদনমূলক সেরা জনপ্রিয় ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কিন্তু তাতে কি আর একজন নির্মাতার তৃষ্ণা মেটে। পরিচালক হিসেবে আত্মপ্রকাশের ২৭ বছর পর এবার সেরা পরিচালকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন সঞ্জয়লীলা বানশালী তাঁর বাজিরাও মাস্তানি ছবির জন্য।
‘বাহুবলী’র বহুরূপ

ধীরে ধীরে চরিত্র বদলাচ্ছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এক সময় মূলধারা বাইরের ছবিগুলো বিজয়ী তালিকায় এগিয়ে থাকত। যে ছবি জিতত সেরা চলচ্চিত্রের খেতাব, সে ছবির আয়ের খাতায় পুরস্কার আর প্রশংসাই থাকত শুধু, তাতে লক্ষ্মীর নজর পড়ত না। সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ (১৯৭১), ঋতুপর্ণ ঘোষের উনিশে এপ্রিল কিংবা শ্যাম বেনেগালের সামার (১৯৯৮) ছবির আয়ের ইতিহাস দেখলে বিষয়টি স্পষ্ট হয়। কিন্তু এ বছর ঘটল ব্যতিক্রম। বছরের সবচেয়ে ব্যয়বহুল আর ব্যবসাসফল ছবিটি জিতে নিল ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ছবিটির নাম কি আর বলার অপেক্ষা রাখে? ছবিটি এস এস রাজামৌলির বাহুবলী।

.
.