বিজয়ানন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভিতে লাইভ অনুষ্ঠান, টক শো, আলোচনা অনুষ্ঠান, কনসার্ট কিংবা মেলা—বিজয় দিবসের উদ্‌যাপন বলতে এখন অনেকটাই এসবের মধ্যে সীমাবদ্ধ। তারকাদের দিনভর এসব অনুষ্ঠানে ছোটাছুটি করতে করতেই শেষ হয় বিজয় উদ্‌যাপনের দিনটি। কিন্তু একসময় এই তারকারাই বেশ রঙিনভাবে উদ্‌যাপন করতেন বিজয় দিবস। ছেলেবেলার সেই বিজয়ানন্দ জানালেন তিন অভিনয়শিল্পী।

চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী, অভিনেতা

যখন প্রাথমিকে পড়ি, তখন আমাদের স্কুলে শহীদ মিনার ছিল না। আমরা মাটি আর কাঠ দিয়ে নিজেরা শহীদ মিনার বানাতাম। মাধ্যমিকে ওঠার পর স্কুলে পাকা শহীদ মিনার হলো। স্কুলে হতো আমাদের একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, বিজয় দিবস উদ্‌যাপন। স্কুল থেকেই আনন্দ মিছিল করতাম। বিজয় দিবস উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, তাতে অংশ নিতাম। ছড়া-কবিতা আবৃত্তি করতাম। আমার জন্য আকর্ষণীয় একটি বিষয় ছিল দেয়ালপত্রিকা। আমি যেহেতু আঁকাআঁকি করতাম, দেয়ালপত্রিকা অলংকরণের দায়িত্ব ছিল আমার ঘাড়ে। সেখানে কবিতা লিখতাম। বিজয় দিবসে এলাকার সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও অংশ নিতাম আমি। এলাকার বিভিন্ন জায়গার সাংস্কৃতিক অনুষ্ঠানে তবলা, হারমোনিয়াম বাজিয়েছি। আর ঢাকায় এসে চারুকলা থেকে শহীদ মিনারে আলপনা এঁকেছি। এখন তো জাতীয় পুরস্কার পাওয়ার কারণে বঙ্গভবনে প্রতি জাতীয় দিবসেই দাওয়াত থাকে। এভাবেই বিজয়ানন্দ উদ্‌যাপন করে আসছি বছর বছর।

মাহিয়া মাহি
মাহিয়া মাহি

প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজে অংশ নিতাম

মাহিয়া মাহি, অভিনেত্রী

ছোটবেলায় স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার নোটিশ এলেই বিজয় দিবস উদ্‌যাপনের উত্তেজনা চেপে ধরত। সে সময় প্রতিবছর বিজয় দিবসে প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজে অংশ নিতাম আমি। স্কুলে স্কাউট করতাম, সেই সুবাদে বিশেষভাবে বিজয় দিবস উদ্‌যাপনের এই সুযোগটা পেতাম। ভোরবেলায় মাকে নিয়ে প্যারেড গ্রাউন্ডে যেতাম। কী যে ভালো লাগত!

এরপর নাইন-টেনে যখন পড়ি, তখন বিজয় দিবসটা আরও মজা করে উদ্‌যাপন করতাম। পাড়ার ছেলেরা গানের অনুষ্ঠানের আয়োজন করত। তাতে আমিও অংশ নিতাম। এখন অভিনয়ে ব্যস্ত হওয়ার কারণে সেভাবে আর বিজয় দিবস উদ্‌যাপন করা হয় না। তবে এখনো এই দিনে শহরে ঘুরে ঘুরে বিজয় দিবসের আলোকসজ্জা দেখতে খুব ভালো লাগে।

স্বাগতা
স্বাগতা

প্রতিবারই গানের প্রতিযোগিতায় অংশ নিতাম

স্বাগতা,অভিনেত্রী

ছোটবেলা থেকেই এই বিজয় দিবসের দিন আমি নানা ধরনের সাংস্কৃতিক কাজের সঙ্গে জড়িত ছিলাম। বিজয় দিবসের দুই দিন আগে বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবী দিবসে প্রতিবারই গানের প্রতিযোগিতা হতো। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা। এ রকম প্রতিযোগিতায় আমরা তিন ভাইবোন নিয়মিত অংশ নিতাম। আমার সবচেয়ে প্রিয় গান ছিল ‘আজকে আমায় দিয়ো মাগো একটুখানি ছুটি...’। আরেকটা ছিল ‘মুক্তির মন্দির সোপানতলে’। প্রতি বিজয় দিবসে আমার আর সন্ধির (স্বাগতার ভাই সংগীতশিল্পী খৈয়াম সানু সন্ধি) মধ্যে এই গানগুলো নিয়ে কাড়াকাড়ি লাগত, কে কোন গান আগে গাওয়ার জন্য নেবে। এগুলো নিয়ে আমাদের ঝগড়া লেগে যেত! কারণ মোটামুটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যত গান আছে, সব আমাদের তিন ভাইবোনের মুখস্থ। একটা স্মৃতি তো এখনো মনে আছে আমার। আমার বয়স তখন পাঁচ বছর, সন্ধির আড়াই। সন্ধি প্রথম মঞ্চে গান গাইবে। গানটি ছিল ‘উজ্জ্বল সবুজের বুকে ওই লাল রং সূর্য আঁকা, ঝিরি ঝিরি বাতাসে উড়ছে আমাদের বিজয় পতাকা’। আমি খুব নার্ভাস ছিলাম সেদিন। কারণ ও (সন্ধি) যদি ভুল করে, তা আমার ওপরও প্রভাব ফেলবে। কারণ সেদিন আমি ছিলাম সন্ধির সহশিল্পী।