বিজয়ী তারারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা চারজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১০-এর বিজয়ী। আনন্দ আড্ডায় অংশ নিয়ে বললেন নিজের পুরস্কার জয়ের গল্প। খু-উ-ব-ই খুশি তাঁরা চারজন। এঁদের মধ্যে একজন ২৯ বছরের সংগীতজীবনে এসে এবারই দুটি ক্ষেত্রে স্বীকৃতি পেয়েছেন। তিনি কুমার বিশ্বজিৎ।অভিনয় ভুবনে ১৫ বছর কাজ করার পর চঞ্চল চৌধুরীর মিলেছে সর্বোচ্চ সম্মান।মনপুরা দিয়ে দর্শকদের মন পুরিয়ে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছেন তিনি। অন্য দুজন হলেন পপি ও ফেরদৌস। এবার নিয়ে পপি মোট তিনবার জিতে নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর ফেরদৌস পেয়েছেন দ্বিতীয়বারের মতো। আগামী মে মাসের প্রথম সপ্তাহেই তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন। খুশি কী আর এমনিতেই?কুমার বিশ্বজিতের সংগীতজীবনের দুঃখবোধ ঘুচেছে এবার। বললেন, ‘২৯ বছরে অনেক ভালো কাজ করেছি, দর্শক-শ্রোতানন্দিত হয়েছে। সেটাই ছিল আমার কাছে বড় স্বীকৃতি, কিন্তু রাষ্ট্রীয় এই স্বীকৃতি মেলেনি। এবারে স্বামী স্ত্রীর ওয়াদা ছবির সব গানের সুর করেছি আমি। ছবির “একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো” গানটির জন্য আমি শিল্পী ও সুরকার হিসেবে দুটি শাখাতেই পুরস্কারের জন্য মনোনীত হয়েছি। এমন স্বীকৃতি অবশ্যই আনন্দের।’কুমার বিশ্বজিৎ যোগ করলেন। ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয়নি। তাই প্রযোজক প্রথমে টাকা দিয়ে ছবিটি পুরস্কারের জন্য জমা দিতে চাননি। তখন বিশ্বজিৎ পরিচালক পি এ কাজলকে অনুরোধ করেন ছবিটি জমা দেওয়ার জন্য। পরিচালক উদ্যোগ নিয়ে প্রযোজককে ছবিটি জমা দেওয়ার জন্য অনুরোধ করেন। ‘ছবিটি জমা না দিলে এই স্বীকৃতি থেকেই বঞ্চিত হতাম।’ বললেন বিশ্বজিৎ।অপর তিন পুরস্কার বিজয়ী চঞ্চল, পপি ও ফেরদৌস কাজটা শুরুর গল্প জানতে চাইলেন।বিশ্বজিৎ জানালেন, গানের কথাগুলো ছিল অসাধারণ। এ জন্য তিনি গীতিকার কবির বকুলকে ধন্যবাদ দিতে ভোলেননি। ধন্যবাদ দিলেন শাকিব খানকেও। ‘কবির বকুল নিজেও এই গান লিখে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তাই আমি মনে করি, একটি কাজের জন্য তিনটি স্বীকৃতি মিলেছে। আর ছবিতে আমার গাওয়া গানটিতে শাকিব খান খুব যত্ন নিয়ে ঠোঁট মিলিয়েছিলেন। ফলে সব মিলিয়ে কাজটা ভালো হয়েছিল। গানের কাজটা আমরা এক বৈঠকেই শেষ করতে পেরেছিলাম। গানটি গাওয়ার পর মনে হয়েছিল যে কাজটা সবার কাছে ভালো লাগবে। তেওড়া তালের কাজ করেছিলাম। মানাম আহমেদের মতো লোককে এ কাজে পেয়েছিলাম বলেই হয়তো কাজটা ভালোভাবেই করতে পেরেছিলাম।’ বলছিলেন তিনি।মনপুরা ছিল চঞ্চল চৌধুরীর দ্বিতীয় চলচ্চিত্র। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হওয়ার পর এমনিতেই চঞ্চল চৌধুরীর নাম হয়ে গিয়েছিল মনপুরার চঞ্চল। ‘এ কারণে মাঝেমধ্যে মনে মনে ভাবতাম, ১৫ বছর যে অভিনয় করলাম, এসব কিছু ছাপিয়ে আমাকে দেখলেই মনপুরার চঞ্চল বলে। খুবই খুশি হয়েছি, বিস্মিত হয়েছি, আনন্দে বাকরুদ্ধ বলা যায়, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তির খবরটা জেনে। আমি বাইরে শুটিং করছিলাম। আমার স্ত্রী প্রথমে খবরের কাগজ পড়ে আমাকে যখন জানাল, তখন বিশ্বাস হচ্ছিল না। আমি ওকে আবার ফোন করলাম। তুমি ঠিকমতো আমার নাম দেখেছ তো? ও বলল, “হ্যাঁ।” আমি বললাম, খবরটা পড়ে শোনাও। পুরো সংবাদটা শুনে সত্যিই খুশি হলাম। সে দিনটা আমার দারুণ কেটেছে।’ বলছিলেন চঞ্চল চৌধুরী।চঞ্চল পুরস্কারটা পেয়েছেন যৌথভাবে। একই ক্যাটাগরিতে গঙ্গাযাত্রা ছবিতে অভিনয়ের জন্য ফেরদৌসও সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন। এ নিয়ে কোনো দুঃখবোধ আছে কি? চঞ্চল তাকালেন ফেরদৌসের দিকে। দুজনেই হো হো করে হাসলেন। চঞ্চল বললেন, ‘পুরস্কারটা এককভাবে পেলে বেশি ভালো লাগত। তবে দুজনে যেহেতু পেয়েছি, তার মানে ধরে নিতে হবে যে দুজনই ভালো কাজ করেছি। এখন ভাবনার বিষয় হলো, পুরস্কার কি একটাই দেবে নাকি?’কথা কেড়ে নিয়ে ফেরদৌস বললেন, ‘পদক একটা হলেও সমস্যা নেই। কিন্তু অর্থ সম্মানীটা যেন আবার দুই ভাগ না হয়।’ এবারে সবাই হেসে উঠলেন।দ্বিতীয়বারের মতো পুরস্কার পাওয়ার অনুভূতি জানতে চাইলাম ফেরদৌসের কাছে। ‘যেকোনো স্বীকৃতি যে কারও জন্য অত্যন্ত আনন্দের। আর সেটা যদি হয় একাধিকবার, তাহলে তো কথাই নেই। গঙ্গাযাত্রা ছবিটিতে কাজ করেছিলাম আমরা আমপাকা গরমের সময়। চাঁপাইনবাবগঞ্জের একটা জায়গায় শুটিং করতে গিয়ে এমন অবস্থা হয়েছিল যে কোনো কোনো দিন মনে হতো, শুটিং স্পট ছেড়ে পালিয়ে আসি। এই প্রথম আমি একজন ডোমের চরিত্রে কাজ করেছি। আর পপি মেথরানীর চরিত্রে। চরিত্র দুটি সম্পর্কে আমাদের কোনো পূর্বধারণা ছিল না। আমি একজন ডোমের সন্ধান পেলাম। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তার সঙ্গে কথা বললাম। ডোমের জীবন ও জগৎটাকে বুঝে নিলাম। একজন মানুষ লাশ কাটে, কী ভয়ংকর! প্রচুর পড়াশোনা করলাম। কিন্তু মেজাজ খারাপ হতো তখনই, যখন তিন ঘণ্টা ধরে মেকআপ নিতে হতো। শরীরের রং একদম কালো করতে হতো। উফ্। একদিন তো সিদ্ধান্তই নিলাম যে, আজ রাতেই শুটিং ছেড়ে চলেযাব। একটু পর পর শরীর চুলকাত। আর আমাদের সঙ্গে থাকত এক পাল শূকর। প্রথম দিন তো দুর্গন্ধে গা গুলিয়ে বমি পাচ্ছিল। যখন বুঝলাম, এটি একটি ভালো ছবি হয়ে উঠতে পারে, তখন সব মেনে নিলাম। এভাবেই গঙ্গাযাত্রায় কাজ করলাম। আর সেই কষ্টেরই কেষ্ট মিলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্মান। চঞ্চল ভাইয়ের মতো বলতে হয়, পুরস্কারটা এককভাবে পেলে অবশ্যই ভালো লাগত। তার পরও বলব, জুরি বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাই।’হ্যাটট্রিক করলেন পপি। পপি বলছিলেন গঙ্গাযাত্রা ছবিতে অভিনয়ের অভিজ্ঞতার কথা। ‘আমি সুধামণির চরিত্রে কাজ করেছি। সুধামণি একজন মেথরানী। এই সম্প্রদায়ের মানুষকে আগে আমার কখনো দেখা হয়নি। পরিচালক যখন আমাকে পাণ্ডুলিপিটা দিলেন, আমি একবার, দুবার, তিনবার পড়লাম। দেখলাম সুধামণির চরিত্রটা খুবই ভালো। এরপর মেথরপট্টিতে বোরকা পরে সকালে গেলাম। সন্ধ্যা পর্যন্ত সেখানে থাকলাম। দেখলাম, তাদের জীবনযাপন। শুটিংয়ে যাওয়ার প্রথম দিনেই মনে হলো, আমি ছবিটি করতে এসে ভুল করেছি। আমাকে কোলে তুলে নিতে বলা হলো শূকরের ছানা। ওগুলোকে কাছে দেখলেই পেটের খাবারদাবার উল্টে আসত। এরপর দেখলাম একটি নয়, দুটি নয়, এক পাল শূকর ছানা নিয়ে কাজ করতে হবে ছবিতে। উফ্! সে যে কী গরম! আর সেই গরমের মধ্যেই এমন সব দৃশ্যায়ন! একটা দৃশ্যের কথা না বললেই নয়। শূকরের পাল নিয়ে যাচ্ছি। সেখানে আমার সঙ্গে ফেরদৌসের ঝগড়া হচ্ছে। ঝগড়া শুরু হলেই শূকরের পাল ভয় পেয়ে যেত। আবার সেই পালকে এক করে কাজটা করতে হতো। কাজটা কয়েক দিন করার পর আস্তে আস্তে সব সহনীয় হয়ে গেল। আর তারই ফলে পেলাম এ পুরস্কার।’ বলছিলেন পপি।সবার কাছেই জানতে চাই, যে কাজের জন্য তাঁরা পুরস্কার পেলেন, সেই কাজ করতে গিয়ে কোনো মজার বা অন্য রকম অভিজ্ঞতার কথা মনে পড়ে কি না?বিশ্বজিৎ বললেন, ‘প্রতিটি কাজের মধ্যেই সৃষ্টিশীল মানুষের প্রেম, ভালোবাসা থাকে। সেসব নিয়েই কাজটা করেছি।’চঞ্চলের অভিজ্ঞতাটা এ রকম: ‘আমাকে ছাগল দেওয়া হলো শুটিং করার জন্য। এর মধ্যে দুটো ছাগল ছানা ছিল, যেগুলো আমার বুকের ওপর এসে ঘুমিয়ে পড়ত। মাঝেমধ্যেই এরা প্রাকৃতিক কাজকর্ম আমার শরীরের ওপরই করত। একটা দৃশ্য ছিল, ছাগল ধরার জন্য দৌড়াতে হবে। এই দৃশ্য ছিল প্রচণ্ড কষ্টসাপেক্ষ। আর একটা ঘটনা হচ্ছে, মনপুরা দ্বীপে আমার শুটিংয়ে দুটি ময়না পাখি নিয়ে যাওয়া হয়েছিল, একটি ময়না পাখির সঙ্গে বৃষ্টিতে ভেজার দৃশ্য ছিল। পরদিন দেখি ময়নাটা মারা গেছে। মনটা খুবই খারাপ হয়েছিল। পরে অন্য একটি ময়না পাখি দিয়ে শুটিং করেছি।’ফেরদৌস বললেন, ‘চাঁপাইনবাবগঞ্জের যে জায়গায় কাজ করেছি, সে অঞ্চলটি আমের জন্য প্রসিদ্ধ। গাছে আম, কিন্তু আমরা আম পাড়তে পারি না। পরে শুনলাম, কেউ যদি আমে ঢিল দেয়, তবে তাকে আটকে রাখা হয় পরের আমের মৌসুম পর্যন্ত। এই সময়টাতে তাকে বাধ্যতামূলকভাবে কাজ করতে হবে এবং সাজা ভোগ করতে হবে। শুনলাম, ব্রিটিশ আমল থেকে নিয়মটা রক্ষা করা হয়।’পপির অভিজ্ঞতাটা অন্য রকম। মিষ্টি খেতে পছন্দ করেন। সেখানে বালিশ মিষ্টি পাওয়া যায়। এক একটির ওজন এক থেকে দেড় কেজি। সে রকম মিষ্টি প্রতিদিনই পপির চাই-ই চাই। একদিন মিষ্টি আনা হয়নি। এ জন্য পপির মন খারাপ। ‘পরে ফেরদৌস যখন ব্যাপারটা শুনল, তখন ও মিষ্টি নিয়ে এল।’ বলছিলেন পপি।পুরস্কার মানুষকে সম্মানিত করে। সে জন্য চারজনই জুরি বোর্ড থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানালেন।