বিজয়ের উৎসবে সরগরম শিল্পকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় উত্সব উপলক্ষে শিল্পকলা একাডেমীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিজয় উত্সব উপলক্ষে শিল্পকলা একাডেমীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‘আমার গানের অস্থায়ী...আমার বাংলাদেশটা/ আমার গানের অন্তরা...আমার বাংলাদেশটা/ আমার গানের সঞ্চারী...আমার বাংলাদেশটা/ আমার গানের রেশটা...আমার বাংলাদেশটা...।’ গানটি গাইছিলেন শিল্পী সুবীর নন্দী। দেশের প্রতি গভীর দরদ তাঁর গায়কিতে। গাইলেন বেশ কয়েকটি দেশাত্মবোধক গান। শিল্পীর সামনে তখন হাজারো দর্শকের উপস্থিতি। শিল্পীর গানের মৌতাতে যেন মন্ত্রমুগ্ধ সবাই।
পাঠক! বলছিলাম ১৪ ডিসেম্বর সন্ধ্যার কথা। শিল্পকলা একাডেমীর উন্মুক্ত মঞ্চে চলছে তখন ‘বিজয় উৎসব ২০১৩’-এর অনুষ্ঠানমালা। আয়োজনটি করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। তিন দিনব্যাপী এই আয়োজন। শুধু যে গান, তা নয়। পুরো আয়োজনে দেখা গেল বৈচিত্র্যপুর্ণ উপস্থাপনা। ক্ষণে ক্ষণে চলে সংগীত ও আবৃত্তির একক ও বৃন্দ পরিবেশনা। আর নৃত্য পরিবেশনা তো আছেই। নৃত্যালোক সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনার প্রশংসা না করলেই নয়। ‘একি অপরূপ রূপে মা তোমার...’ গানটির সঙ্গে তাদের অপূর্ব নৃত্য ভঙ্গিমা মুগ্ধ করে দর্শকদের। বাদ পড়েনি নাটকের মঞ্চায়নও। মঞ্চস্থ হয়েছে পর পর দুটি পথনাটক। সন্ধ্যার গভীরতা বাড়তেই লোকে লোকারণ্য পুরো মাঠ। সেই দিন তো ছিল সবে মাত্র উৎসবের উদ্বোধনী দিন। আর তাতেই দর্শকদের এত ভিড়! ভিড় তো হবেই। পুরো এলাকাজুড়ে বর্ণিল আলোকসজ্জা। দর্শকদের যেন হাতছানি দিয়ে ডাকছে মাঠের দিকে। শুধু কী তাই? মাঠের দুই প্রান্তে স্থাপন করা হয়েছে বিশাল আকারের দুটি প্রজেক্টর। আর তাতে প্রদর্শিত হচ্ছে মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্যচিত্র। তারপর শীতের পিঠার কথা তো না বললে নয়। চিতই, ভাপা, পাটিসাপটাসহ হরেক স্বাদের পিঠার পসরা সাজিয়ে বসেছেন অনেকে। দর্শক যেন নড়ছেই না সেখান থেকে।
উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন চলছে সেখানে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু, সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, ফেরদৌসী প্রিয়ভাষিণীসহ আরও অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেখানে। শিল্পকলার এক কর্মী এসে হাতে ধরিয়ে দিলেন দুটি প্রবন্ধ। অর্থাৎ প্রবন্ধ দুটি উপস্থাপন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে। প্রাবন্ধিক কমল খালিদ উপস্থাপন করেন ‘সংগীত ও নৃত্যে মুক্তিযুদ্ধ’ বিষয়ক প্রবন্ধ। ‘গল্প, কবিতা ও উপন্যাসে মুক্তিযুদ্ধ’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বজিৎ ঘোষ।
যাক, মন্দ কী? ভালো দুটি জিনিসই তো পেলাম। শেষ হলো ১৪ ডিসেম্বরের আয়োজন। শহীদ বুদ্ধিজীবী দিবসে এই ছিল শিল্পকলার শৈল্পিক উপস্থাপনা।