বিজয়ের নাট্য উৎসবে বর্ণিল নাট্যশালা
স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় শুরু হয়েছে বিজয়ের নাট্য উৎসব ২০১১। এ উপলক্ষে নানা রঙের ফুল, প্রদীপ আর ব্যানারে জাতীয় নাট্যশালা সাজানো হয়েছে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও দ্য ডেইলি স্টার যৌথভাবে উৎসবের আয়োজন করে। বিকেলে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। অন্যদের মধ্যে রামেন্দু মজুমদার, আতাউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ, মামুনুর রশীদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী। সভাপতিত্ব করেন লিয়াকত আলী। মতিয়া চৌধুরী বলেন, ‘স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় অর্জন। এ অর্জনের ৪০ বছর উপলক্ষে এমন চমৎকার আয়োজনের জন্য গ্রুপ থিয়েটার ফেডারেশন ও ডেইলি স্টারকে অভিনন্দন।’ মাহফুজ আনাম বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার ফলে আমাদের অনেক কিছু অর্জন করা সম্ভব হয়েছে। নাটকে আমাদের অর্জন নিঃসন্দেহে ঈর্ষণীয়। ডেইলি স্টার সব সময় সাধ্যমতো নাটকের পৃষ্ঠপোষকতা করবে।’সাত দিনব্যাপী উৎসবে জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনে ২১টি দলের নাটক মঞ্চস্থ হবে। গতকাল জাতীয় নাট্যশালায় আরণ্যক মঞ্চস্থ করে এবং বিদ্যাসাগর। পরীক্ষণ থিয়েটার হলে ছিল পদাতিকের প্রযোজনায় জলদাস এবং স্টুডিও থিয়েটারে প্রাঙ্গণেমোর মঞ্চস্থ করে ‘লোকনায়ক’। উৎসবে আরও যেসব নাটক প্রদর্শিত হবে, এর মধ্যে ঢাকা থিয়েটারের বিনোদিনী, নাগরিক নাট্যসম্প্রদায়ের কাঁঠালবাগান, সময়ের ভাগের মানুষ, থিয়েটারের (বেইলি রোড) মেরাজ ফকিরের মা উল্লেখযোগ্য।লোকসংগীত উৎসবের চতুর্থ দিনলোকসংগীত উৎসব ২০১১ উপলক্ষে নির্ধারিত সময়ের আগেই শত শত সংগীতানুরাগীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ছিল আনন্দঘন পরিবেশ। গতকাল ছিল উৎসবের চতুর্থ দিন। সন্ধ্যা ছয়টায় ‘ও আমার পাগলা মাঝি’ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন শাজাহান কবির। এরপর বীণা মজুমদার, খুরশিদা চিশতী, রেজিয়া সেলিম, দিলবাহার খান এক এক করে ‘বন্দে মায়া লাগাইছে’, ‘আমার মন মজাইয়া রে’, ‘প্রাণসখী রে’, ‘আমি যারে বাসি ভালো’, ‘কী মোবাইল বানাইছে দয়াল’ প্রভৃতি গান পরিবেশন করেন।এসব গান শ্রোতাদের প্রায় রাত ১০টা পর্যন্ত মুগ্ধ করে রেখেছিল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের এই লোকগানগুলো নাগরিক শ্রোতাদের বিনোদিত করেছে। এতে বেলায়েত হোসেনের নির্দেশনায় ‘জাগো আর্ট সেন্টার’ লোকনৃত্য পরিবেশন করে। উৎসব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়।মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উদ্যাপনমহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমী গতকাল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিকেলে একাডেমীর সেমিনারকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাইকেল মধুসূদন দত্ত ও রেনেসাঁসের সাহিত্য বিষয়ে বক্তব্য দেন অধ্যাপক গোলাম মুরশিদ। একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘মেঘনাদবধ কাব্য পাঠ ও শিল্পীর প্রতিশোধ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন শান্তনু কায়সার।বঙ্গীয় রেনেসাঁসের পটভূমি হিসেবে ঔপনিবেশিকতার উপজাতস্বরূপ শিক্ষা, উদারনৈতিকতা ও যুক্তিবাদ, বাংলা ভাষা, সাহিত্য, সংগীত, স্থাপত্য ও ব্যবসা-বাণিজ্যে সৃজনশীলতার স্ফুরণের কথা তুলে ধরে গোলাম মুরশিদ বলেন, ‘মধুসূদনের হাত ধরেই আমরা আধুনিকতায় প্রবেশ করে এগিয়ে চলেছি।’মূল প্রবন্ধে শান্তনু কায়সার বলেন, জীবন-মৃত্যুর মহাকাব্য মেঘনাদবধ রচনার ক্ষেত্রে মধুসূদন দত্ত তাঁর বৈশিষ্ট্যের বিরুদ্ধে গিয়ে মনপ্রাণ ঢেলে দিয়ে শুধু দীর্ঘ ও নিরবচ্ছিন্ন মনোযোগই দেননি, এর মধ্য দিয়ে তিনি তাঁর শিল্পচর্চা ও ভাবনার প্রকাশ ঘটিয়েছেন। যে অমিত্রাক্ষর ছন্দ নিয়ে তিনি নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাঙালিকে সহজ-স্বাভাবিক-সংহত জীবন ও শিল্পচর্চায় ঋদ্ধ করতে চেয়েছিলেন, তারও একটি পরিণতির প্রকাশ এই মহাকাব্য। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভাশিস সিনহার নির্দেশনায় মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কাব্য অনুসরণে নাট্যকাব্য কহে বীরাঙ্গনা পরিবেশন করে মণিপুরী থিয়েটার।শিশু চলচ্চিত্র উৎসবে কর্মশালাশিশু চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিন গতকাল চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি শিশু প্রতিনিধিদের জন্য আয়োজন করা হয়েছিল দিনব্যাপী কর্মশালা। কর্মশালা পরিচালনা করেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। কর্মশালায় শিশুদের ‘চলচ্চিত্র ভাষার মৌলিক ধারণা’, ‘চলচ্চিত্র নির্মাণ কৌশল’, ‘চলচ্চিত্র নির্মাণে পরিচালকের ভূমিকা’ বিষয়ে ধারণা দেওয়ার পাশাপাশি প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা ছিল।নড়াইলে সুলতান মেলা শেষ নড়াইল প্রতিনিধি জানান, শিল্পী আবু তাহেরকে পদক তুলে দেওয়ার মাধ্যমে গতকাল নড়াইলে সুলতান মেলা শেষ হয়েছে। গতকাল রাতে তাঁর হাতে পদক তুলে দেন মেলার সমাপনী দিনের প্রধান অতিথি শিল্পী কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব মুন্সি হাফিজুর রহমান, শিল্পী আবু তাহের, বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক সুবীর চৌধুরী, শিল্পকলা একাডেমীর সচিব মুশফিক আহম্মদ এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন।