বিজয়ের নাট্যোৎসবে ‘ডালিম কুমার’
গহিন অরণ্যের ধারে এক কৃষক দম্পতির বসবাস। অভাব আর কষ্টের সংসার। ১০ বছর ধরে তারা নিঃসন্তান। একদিন গ্রামে ‘অলৌকিক’ ক্ষমতাধর এক দরবেশ এসে জাদুমন্ত্রের বলে একটি ডালিম ফল বের করে দিলেন কিষানীর হাতে। অতঃপর এক পুত্রসন্তান এল তাদের পরিবারে। তার নাম রাখা হলো ডালিম কুমার। তার বীরত্ব, প্রেম-অপ্রেমের বিস্ময়কর লোককাহিনি নিয়ে নাট্যকেন্দ্রের প্রযোজিত নাটক ডালিম কুমার। বিজয়ের নাট্যোৎসবের দ্বিতীয় দিন গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়।স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে যৌথভাবে এ উৎসবের আয়োজন করে দ্য ডেইলি স্টার ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। উৎসব চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।ছবিমেলায় হাঙ্গেরির নিসর্গ ও ভারতের স্থাপত্যওপরে নীল আকাশ, নিচে ধুলো আর ঘাস, উড়ে বেড়াচ্ছে একদল পাখি। সারি সারি গাছ থেকে মৃদু বাতাসে ঝরছে পাতা, পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একলা পথিক। সবুজ গাছগাছালির পাশে বিশাল পুরোনো স্থাপনা, এর সামনে একটি কুকুর বসে আছে, আরেকটি দাঁড়িয়ে। এসব চিত্র হাঙ্গেরির। ক্যামেরাবন্দী করেছেন হাঙ্গেরিয়ান আলোকচিত্রী থমাস ডিজো। সিরিজের নাম দিয়েছেন ‘এখানে যেকোনো খানে’। আন্তর্জাতিক ছবিমেলার অংশ হিসেবে এই সিরিজের ১১টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে চারুকলা ইনস্টিটিউটের লিচুতলায়। থমাস ডিজো আলোকচিত্রী হিসেবে কাজ শুরু করেন সেখানকার একটি পত্রিকায়। বর্তমানে তিনি মুক্তভাবে কাজ করছেন। তিনি ‘ওয়ার্ল্ড প্রেস ফটো’সহ বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। একই সঙ্গে এখানে জার্মান আলোকচিত্রী ক্যারেন নরের ১৫টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। সিরিজের নাম ‘ইন্ডিয়া সং’। তাঁর আলোকচিত্রে আছে ভারতের রাজস্থান এবং জয়পুরের কারুকার্যখচিত বেশ কিছু প্রাসাদ ও ঐতিহ্যবাহী স্থাপনা। এর মধ্যে ‘জয়পুর প্যালেস’, দুঙ্গারপুরের ‘উদয় বিলাস প্যালেস’, ‘উদয়পুর সিটি প্যালেস’ অন্যতম। ক্যারেন নরের শিক্ষাজীবন কাটে লন্ডন ও প্যারিসে। তাঁর আলোকচিত্র ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টার, হার্ভার্ডসহ বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে। একই সঙ্গে তিনি এসব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে অতিথি হিসেবে বক্তৃতা দিয়েছেন। বর্তমানে তিনি ফার্নহ্যামের ‘ফটোগ্রাফি অ্যাট দি ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস’-এ অধ্যাপনা করছেন।উল্লেখ্য, ঢাকায় আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’ শুরু হয়েছে ২১ জানুয়ারি। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।মোহাম্মদ ইউনুসের একক চিত্র প্রদর্শনীআগামীকাল শুক্রবার ঢাকা আর্ট সেন্টারে শিল্পী মোহাম্মদ ইউনুসের একক চিত্র প্রদর্শনী শুরু হবে। প্রদর্শনীতে মোহাম্মদ ইউনুসের গত ১০ বছরে আঁকা নির্বাচিত প্রায় ৬০টি চিত্রকর্ম স্থান পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী।চলচ্চিত্র উৎসবে মুক্তির আনন্দশুধু চলচ্চিত্র উপভোগ নয়, বন্দিপ্রায় শহুরে শিশুরা উৎসবে এসে ভাসছে মুক্তির আনন্দে। দুটি সিনেমার মাঝের সময়ে চতুর্থ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের মূল কেন্দ্র কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণজুড়ে তাদের দৌড়ঝাঁপ, আনন্দ-উল্লাস সে কথাই বলছিল।উৎসবের পঞ্চম দিন গতকাল বুধবার দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে, ছিল দুটি সেমিনারও। সকাল ১০টায় ‘চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ: নতুন প্রজন্মের ভাবনা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পড়েন সাদিয়া তাবাসসুম। আলোচনা করেন জোবায়দা নাসরিন। সেমিনার পরিচালনা করেন সৈয়দ সালাউদ্দিন জাকি। দ্বিতীয় সেমিনারের বিষয় ‘স্কুল শিক্ষার্থীদের চলচ্চিত্রমাধ্যমে শিক্ষা: জাতীয় ও বৈশ্বিক প্রেক্ষাপট’। মূল প্রবন্ধ পড়েন জাকির হোসেইন। পরিচালনা করেন ফাহমিদুল হক। আজ বৃহস্পতিবারও থাকবে ছবির প্রদর্শনী। এ ছাড়া সকাল ১০টায় শিশুতোষ চলচ্চিত্র নির্মাতাদের মুখোমুখি হবে শিশুরা। দুপুর আড়াইটায় শিশুদের সঙ্গে আড্ডা দেবেন মুহম্মদ জাফর ইকবাল।