বিজয়ের মাসের শেষ দিনেই ‘অপেক্ষা’
বিজয়ের মাসের শেষ দিনেই মুক্তি পেতে যাচ্ছে আবু সাইয়ীদ পরিচালিত চলচ্চিত্র ‘অপেক্ষা’। ৩১ ডিসেম্বর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। প্রথমদিকে ঢাকা, বরিশাল ও রাজশাহীর পাঁচটি সিনেমা হলে অপেক্ষা মুক্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে আছে ঢাকার তিনটি সিনেমা হল এবং বরিশালের অভিরুচি ও রাজশাহীর উপহার। অপেক্ষা ছবির কাহিনি জঙ্গিবাদ এবং তার প্রভাবকে উপজীব্য করে গড়ে উঠেছে। ছবিটিতে জঙ্গি তৎপরতার পাশাপাশি এর পারিবারিক প্রভাব তুলে ধরা হয়েছে।অপেক্ষা ছবির কাহিনিতে দেখা যাবে রবিউল ও রঞ্জু বাংলাদেশের ভিন্ন দুই জেলার দুটি পরিবারের দুজন সদস্য। রবিউলের আনুমানিক বয়স ২৮ এবং তিনি রাজধানী শহর ঢাকায় থাকেন। পড়াশোনার পাশাপাশি সংগীতচর্চা করেন। ছোটবেলায় রবিউলের মা-বাবা মারা গেছে। একমাত্র দাদী ছাড়া তাঁর কোনো নিকটাত্মীয় নেই। দাদী গ্রামের বাড়িতে পৈতৃক ভিটায় থাকেন। তাঁর স্মৃতিশক্তির সমস্যা রয়েছে, তিনি অল্পতেই সব ভুলে যান। রঞ্জু মাদ্রাসার ছাত্র না হলেও তিনি ইসমালি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে যান। এরই ধারাবাহিকতায় রঞ্জু ঢাকা শহরে একদিন এক বোমাবাজিতে অংশ নেন। তাঁরই ছোড়া বোমায় অন্য পথচারীদের সঙ্গে রবিউলও মারা যান। রবিউলের লাশ তাঁর গ্রামের বাড়িতে পৈতৃক কবরস্থানে দাফন করা হয়। ঘটনার কয়েক দিন পর পুলিশ রঞ্জুর খোঁজে তাঁর বাড়িতে তল্লাশি চালায়। পুলিশের কাছ থেকে তাঁর মা-বাবা জানতে পারেন, রঞ্জু ইসলামি জঙ্গি সংগঠনের সদস্য এবং গত দেড় মাস আগে ঢাকায় যে বোমাবাজি হয়, সেই বোমাবাজির সঙ্গে রঞ্জু জড়িত। এ রকম আরও অসংখ্য ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় অপেক্ষা ছবির কাহিনি।অপেক্ষা ছবির অভিনয়শিল্পীরা হলেন—মিরানা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায়, তিনু করিম, উজ্জল মাহমুদ, মিঠু বর্মণ, আহসানুল হক মিনু প্রমুখ।অপেক্ষা ছবির শুটিং হয়েছে ঢাকার নবাবগঞ্জ, টঙ্গী রেলস্টেশন এবং বগুড়া জেলার ধনুটে।