বিজয়ের রঙে রঙিন সংস্কৃতি অঙ্গন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৫তম বিজয় দিবস উপলক্ষে গতকাল শুক্রবার ভোর থেকে গভীর রাত পর্যন্ত নানা অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। বিজয়ের দিনে রাজধানীবাসী ঘর থেকে বেরিয়ে নেমে আসে রাজপথে। নানা সাংস্কৃতিক আয়োজনে বিজয়ের রঙে রঙিন হওয়ার পাশাপাশি প্রত্যেকে একটাই দাবি তুললেন সমস্বরে, ‘জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা মুক্ত দেশ’।
বাংলা একাডেমি: বিজয় দিবস উপলক্ষে গতকাল বিকেলে বাংলা একাডেমি আয়োজন করেছিল আলোচনা সভার। এ পর্বে ছিল প্রবন্ধ পাঠ। ‘সামাজিক নীতিমালা, দারিদ্র্য ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শীর্ষক প্রবন্ধটি পড়ে শোনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মশিউর রহমান। প্রবন্ধের ওপর আলোচনা করেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সাংবাদিক আবেদ খান ও নাঈমুল ইসলাম খান। মশিউর রহমান বলেন, বর্তমান বিশ্বব্যবস্থায় সামাজিক নীতিমালার প্রয়োজন আরও বেশি। বিশ্বায়ন যখন সবকিছু গ্রাস করে চলেছে লাগামহীন, সেখানে সামাজিক সমাজের কেন্দ্র-প্রান্ত, ধনী-গরিবের বৈষম্য দূর করতে এটি দরকার। মুক্তিযুদ্ধের উদ্দেশ্যও তা-ই ছিল।
স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। আলোচনার পর সন্ধ্যায় আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
শিল্পকলা একাডেমি: শিল্পকলা একাডেমির বিজয় দিবসের অনুষ্ঠানে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন। একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তিকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রথমেই ছিল আলোচনা।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। একক আবৃত্তি করেন সৈয়দ হাসান ইমাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, নায়লা তারান্নুম, আসলাম মিহির ও শিমুল মুস্তাফা। ছিল সমবেত নৃত্য ও সংগীত। এ ছাড়া নাটকের কোরিওগ্রাফি পরিবেশন করে মহাকাল নাট্য সম্প্রদায় ও কণ্ঠশীলন। পশ্চিমবঙ্গ থেকে আগত যন্ত্রশিল্পীরা পরিবেশন করেন সমবেত যন্ত্রসংগীত। সবশেষে ছিল রাজারবাগ-৭১ নাটকটির মঞ্চায়ন।
মুক্তিযুদ্ধ জাদুঘর: বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত সপ্তাহব্যাপী ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শীর্ষক উৎসবের শেষ দিন ছিল গতকাল। এদিন মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে সকালে শিশু-কিশোর আনন্দানুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শুদ্ধভাবে জাতীয় সংগীতের আয়োজন: বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে অনুষ্ঠিত হয় শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পাশাপাশি এই প্রজন্মের শিল্পীরাও গেয়েছেন গান। শুদ্ধভাবে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন নানা প্রজন্মের শিল্পীরা।