বিটলসের গান ব্রিটিশ লাইব্রেরিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিটলস ব্যান্ডের চার সদস্য
বিটলস ব্যান্ডের চার সদস্য

যুক্তরাজ্যের জাতীয় গ্রন্থাগারে ঠাঁই পাচ্ছে বিটলস তারকা জন লেননের নিজ হাতে লেখা কয়েকটি গান ও চিঠি। সম্প্রতি যুক্তরাজ্যের জাতীয় গ্রন্থাগার ব্রিটিশ লাইব্রেরিতে সেগুলো দান করেছেন ‘দ্য বিটলস: দ্য অথরাইজড বায়োগ্রাফি’ বইয়ের লেখক হান্টার ডেভিস।প্রখ্যাত ইংরেজ কবি ও নাট্যকার শেকসপিয়ারের লেখা পাণ্ডুলিপির পাশাপাশি জন লেননের নিজ হাতে লেখা ‘স্ট্রবেরি ফিল্ডস ফরএভার’, ‘সি সেইড সি সেইড’ কিংবা ‘ইন মাই লাইফ’-এর মতো গানগুলোর পাণ্ডুলিপি পড়ার সুযোগ পাবেন ব্রিটিশ লাইব্রেরির পাঠকরা। বিভিন্ন সময়ে লেখা লেননের বেশ কয়েকটি চিঠিও পড়তে পারবেন তাঁরা। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘নিউইয়র্ক টাইমস’।
ষাটের দশকের তুমুল জনপ্রিয় ইংলিশ রক ব্যান্ড বিটলসের সদস্যদের সঙ্গে হান্টার ডেভিসের সখ্য ছিল বহুদিনের। ১৯৭০ সালে বিটলস ভেঙে যাওয়ার দুই বছর আগে প্রকাশিত হয় তাঁর লেখা ‘দ্য বিটলস: দ্য অথরাইজড বায়োগ্রাফি’ বইটি। হান্টার ডেভিস বলেন, ‘বিটলসের এমন অনন্য সংগ্রহগুলো ব্রিটিশ লাইব্রেরিতে একসঙ্গে রাখা হবে। সবাই সেগুলো পড়ার সুযোগ পাবে। এজন্য আমি অনেক খুশি।’

ব্যান্ড ভেঙে গেলেও দিনকে দিন বেড়েই চলেছে বিটলসের জনপ্রিয়তা। বর্তমান প্রজন্মের শ্রোতাদের কাছেও সমান জনপ্রিয়তা ধরে রেখেছে ব্যান্ডটি। সাম্প্রতিক সময়ে বিটলসের স্মৃতিবিজড়িত নানা সামগ্রী বিকিয়েছে অবিশ্বাস্য মূল্যে। সেগুলোর মধ্যে হাতে লেখা কয়েকটি গানও রয়েছে। গানগুলোর নিলাম থেকে হাজার হাজার ডলার আয় হয়েছে।