বিটলসের ছবির দাম ৫৭ হাজার পাউন্ড!
সম্প্রতি এক নিলামে বিটলস ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্টের ৬১টি সাদা-কালো ছবি বিক্রি হয়েছে ৩০ হাজার পাউন্ডে। এ ছাড়া, ১৯৬৪ সালে রবার্ট বেকের তোলা বিটলসের অপ্রকাশিত ৬৫টি রঙিন ছবির দাম উঠেছে ২৭ হাজার পাউন্ড। সব মিলিয়ে বিটলসের এসব ছবি থেকে আয় হয়েছে ৫৭ হাজার ৮২০ পাউন্ড।এই নিলামের আয়োজন করেছিলে ওমেগা অকশনস। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পল ফেয়ারওয়েদার জানান, দক্ষিণ আমেরিকার এক ভদ্রলোক ছবিগুলো কিনেছেন। তিনি এখন ওয়াশিংটনে থাকেন। বিটলসের স্মৃতিবিজড়িত অনেক সামগ্রী তাঁর সংগ্রহে আছে। ১৯৬৫ সালে নিউইয়র্কের শিয়া স্টেডিয়ামে কনসার্টে অংশ নিয়েছিল তুমুল জনপ্রিয় ইংলিশ রক ব্যান্ড বিটলস। এটিই ওই ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট হিসেবে বিবেচিত হয়। শুধু তাই নয়, ওই সময়ের সবচেয়ে বড় পপ কনসার্ট হিসেবেও ধরা হয় এটি। সেদিন বিটলসের মনোমুগ্ধকর পরিবেশনায় উন্মাতাল হয়ে উঠেছিল ৫৫ হাজার দর্শক। এক খবরে এমনটিই জানিয়েছে বিবিসি অনলাইন। ওই কনসার্টের ছবি তোলার জন্য সাংবাদিক সেজে স্টেডিয়ামে প্রবেশ করেছিলেন মার্ক ওয়েনস্টেইন নামের অপেশাদার এক আলোকচিত্রী। তিনি কনসার্টে প্রবেশের ভুয়া অনুমতিপত্র বানিয়েছিলেন বাড়িতে বসে। সেটা দেখানোর পর ভিড় ঠেলে তাঁকে মঞ্চের কাছে যাওয়ার সুযোগ করে দেন এক পুলিশ। এভাবে মঞ্চের খুব কাছ থেকে বিটলসের ঐতিহাসিক মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করেছিলেন মার্ক। কাকতালীয় বিষয় হলো, ওই দিন কনসার্টের ছবি তোলার জন্য দায়িত্বপ্রাপ্ত আলোকচিত্রীর ক্যামেরার ফিল্ম শেষ হয়ে গিয়েছিল।