বিটলসের ভাঙনে দায়ী নন ইয়োকো ওনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমুল জনপ্রিয় ইংলিশ রক ব্যান্ড বিটলসের ভাঙনে ইন্ধন জুগিয়েছিলেন ব্যান্ডটির সদস্য জন লেননের স্ত্রী ইয়োকো ওনো—এমন জনশ্রুতিকে সম্প্রতি উড়িয়ে দিলেন বিটলস লিজেন্ড স্যার পল ম্যাককার্টনি। ব্যান্ডটি ভাঙনের জন্য তিনি দায়ী করেছেন অ্যাবকো মিউজিক অ্যান্ড রেকর্ডস কোম্পানির স্বত্বাধিকারী প্রয়াত অ্যালেন ক্লেইনকে। ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে ম্যাককার্টনি বলেন, ‘অবশ্যই বিটলসের ভাঙনের পেছনে ইয়োকো ওনোর কোনো ভূমিকা নেই। প্রচলিত আছে, ওনোর সঙ্গে সম্পর্কে জড়ানোর পর লেননকে দলত্যাগে উত্সাহ জুগিয়েছিল ওনো। কিন্তু এতে বিন্দুমাত্র সত্য নেই। বিটলসের ভাঙনে ওনোকে কোনোভাবেই দায়ী করা যায় না। লেনন নিজেই বিটলস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ওনো তার জীবনে না এলেও বিটলস ছেড়ে দিত সে।’ ওনোর প্রশংসা করে ম্যাককার্টনি আরও বলেন, ‘লেননের সলো ক্যারিয়ারের সাফল্যের পেছনে বিশাল প্রভাব ছিল ওনোর। আমার মতে, ওনোকে ছাড়া “ইমাজিন”-এর মতো অসাধারণ গান কোনোভাবেই লিখতে পারত না লেনন। ওনো তার জীবনে আসার পর জগৎকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখা শুরু করেছিল লেনন। ওনো তাকে যে পথের সন্ধান দিয়েছিল, তা ছিল অনেক বেশি আকর্ষণীয়।’বিটলসের ভাঙনের জন্য অ্যালেন ক্লেইনকে দোষারোপ করে ম্যাককার্টনি বলেন, ‘বিটলসের ব্যবস্থাপক ব্রায়ান এপস্টাইনের মৃত্যুর পর তাঁর দায়িত্বে আসার পাঁয়তারা শুরু করেছিল অ্যালেন। কিন্তু আমি এতে রাজি ছিলাম না। মূলত এ কারণেই বিটলসের বাকি তিন সদস্যের সঙ্গে আমার দূরত্ব বাড়তে থাকে। একপর্যায়ে তাদের সঙ্গে আমার খুনসুটি বেঁধে যায়। অ্যালেনের ইন্ধনেই আমার প্রাণপ্রিয় বন্ধুদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ি আমি। এভাবেই একটা সময়ে গিয়ে থেমে যায় বিটলসের যাত্রা।’