বিটিভি, বেতার ও ওয়েবসাইটে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভি, বাংলাদেশ বেতার ও ওয়েবসাইটে এবার ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। জানা গেছে, ২৮ মার্চ তথ্যমন্ত্রীর সঙ্গে ছায়ানট কর্তৃপক্ষের এ সংক্রান্ত আলোচনা হয়। এখানে বিটিভি ও বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের আগ্রহ প্রকাশ করে। ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল বলেন, সরকার ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়ে এই আয়োজনকে জাতীয় মর্যাদা দিয়েছে, তাই ছায়ানট তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছে। ছায়ানট এই জাতীয় আয়োজনের সম্প্রচারের বাণিজ্যিক ব্যবহার বন্ধ করার জন্য বিটিভির কাছে কোনো বিজ্ঞাপন গ্রহণ ও প্রচার না করার প্রস্তাব রেখেছে।তিনি আরও বলেন, বিটিভির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ অনুষ্ঠানটি দেখতে পাবে। পাশাপাশি বিটিভি ওয়ার্ল্ড ও বিভিন্ন বেসরকারি চ্যানেলের মাধ্যমে দেশে-বিদেশে দর্শকেরা ছায়ানটের এই বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পাবে। এ ছাড়া গত বছর থেকে ছায়ানট www.chhayanaut.org ওয়েবসাইটের মাধ্যমে সারা বিশ্বে অনুষ্ঠানটি দেখানোর ব্যবস্থা করেছে।স্বাধীনতার পর ২০০১ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বিটিভি ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছে। ২০০২ সাল থেকে চ্যানেল আই সরাসরি সম্প্রচার করেছে।আরও জানা গেছে, বিটিভির সহযোগিতা নিয়ে এরই মধ্যে এটিএন (নিউজ), দেশ টিভি, একুশে টিভি, আরটিভি ও বৈশাখী টিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে।