আনন্দ ছন্দে কিছুক্ষণ
বিটিভিতে ঈদের দিন সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান ‘আনন্দ ছন্দে কিছুক্ষণ’। উপস্থাপনা করেছেন ঈশিতা। প্রযোজনা করেছেন লায়লা হক। কত্থক নাচ দিয়েই সাজানো অনুষ্ঠানটি। অনুষ্ঠানে থাকছে এ সময়ের নৃত্যশিল্পীদের সঙ্গে নৃত্যগুরুদের অংশগ্রহণও। নৃত্যগুরুদের মধ্যে আছেন লুবনা মরিয়ম, লায়লা হাসান, মুনমুন আহমেদ, ডলি ইকবাল, সুলতানা হায়দার প্রমুখ। আর নৃত্যশিল্পীদের মধ্যে আছেন নাদিয়া, লিখন, সোহেল, পার্থ, শখ, জিনিয়া প্রমুখ।
গানে গানে ঈদ
বিটিভিতে ঈদের দিন দুপুর ১২টা ১০ মিনিটে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ’। এ অনুষ্ঠানে গান গেয়েছেন আবদুল জব্বার, খুরশীদ আলম, রফিকুল আলম, আবিদা সুলতানা, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, মোখলেসুল ইসলাম, শুভ্র দেব, রবি চৌধুরী, এস ডি রুবেল, রোমানা ইসলাম, আলম আরা মিনু। উপস্থাপনা করেছেন শুভ্র দেব। প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার।

মা
বিটিভিতে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নাটক মা। লিখেছেন ও পরিচালনা করেছেন জি এম সৈকত। অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, সজল, মিমো, মাহমুদ সাজ্জাদ প্রমুখ।
মা অন্যের বাড়িতে, খেতে-খামারে কাজ করে ছেলে অয়নকে লেখাপড়া করায়। ভালো রেজাল্টের কারণে ধনী বাবার মেয়ে নিপার সঙ্গে বিয়ে হয় অয়নের। শ্বশুরের ব্যবসা দেখাশোনার দায়িত্ব পড়ে তার ওপর। ব্যস্ততার কারণে মায়ের সঙ্গে অয়নের যোগাযোগ খুব কম হয়। ব্যবসার কাজে চট্টগ্রাম থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় অয়নের দুটি কিডনি নষ্ট হয়ে যায়। অয়নের অজান্তে মা নিজেই একটি কিডনি দান করে। এক ভিক্ষুক অয়নের বিবেককে ক্ষত-বিক্ষত করে। এরপর মাকে দেখতে গ্রামে ফিরে যায় অয়ন। কিন্তু অয়ন কি আর তার মাকে দেখতে পাবে?
আমি যে তোমারই আছি
বিটিভিতে ঈদের পরদিন সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে প্রচারিত হবে গান নিয়ে অনুষ্ঠান ‘আমি যে তোমার হয়েছি’। বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন চলচ্চিত্র ও টিভির তারকারা। তাঁদের মধ্যে আছেন পূর্ণিমা, মিলন, সারিকা, আজিজুল হাকিম, চিত্রলেখা গুহ, আল মনসুর প্রমুখ।

পতিত বৃদ্ধ ও এক যৈবতী নারীর ইতিবৃত্ত
বিটিভিতে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ছয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক পতিত বৃদ্ধ ও এক যৈবতী নারীর ইতিবৃত্ত। লিখেছেন ও পরিচালনা করেছেন হাসান শিকদার। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, চিত্রলেখা গুহ, শতাব্দী ওয়াদুদ, ফারজানা ছবি, মাহমুদুল ইসলাম প্রমুখ। বৃদ্ধ মালেক গাজীর স্ত্রী মারা গেছে ১২ বছর আগে। বৃদ্ধ বাবাকে রেখে নিজেদের স্ত্রীদের নিয়ে ব্যস্ত তার দুই ছেলে। এই অবহেলা আর দীর্ঘদিনের নিঃসঙ্গতা দুর্বিষহ হয়ে ওঠে মালেক গাজীর কাছে। এক সকালে ব্যান্ড পার্টি বাজিয়ে তরুণী রেনুবালাকে বউ করে ঘরে তোলে মালেক গাজী। ছেলেরা কম বয়সী মাকে মেনে নেয়নি। বাবাকে হত্যা করার জন্য রশিদ ডাকাতকে নিয়োগ করে তারা। এদিকে ঘটনার পরিক্রমায় সামনে এসে দাঁড়ায় পতিতাপল্লির রঙ্গি তথা রেনুবালার আসল পরিচয়।
আমার ভাবি
বিটিভিতে ঈদের তৃতীয় দিন বিকেল পাঁচটা পাঁচ মিনিটে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আমার ভাবি’। গ্রন্থনা করেছেন আনজীর লিটন, উপস্থাপনা করেছেন ফেরদৌস বাপ্পী। প্রযোজনা করেছেন মো. সারোয়ার। এই অনুষ্ঠানে ননদ-ভাবি বিতর্কে থাকছেন ইলোরা গহর, ইয়াসমিন মুশতারী, দিহান, নির্ঝর ও লায়লা হাসান। সংসারের চাবি গেম শোতে অংশ নিয়েছেন নিরব, নির্ঝর ও সাবেরি আলম। ননদ-ভাবি পর্বে আছেন আসমা আব্বাসী ও ফেরদৌসী রহমান এবং কানিজ আলমাস ও বিপাশা আইচ। থাকছে ভাবিকে নিয়ে চলচ্চিত্র। গান গেয়েছেন জহুরা আলীম, চুমকি ও নকুল কুমার বিশ্বাস। থাকছে কৌতুকসহ আরও কিছু।
ফেরা
বিটিভিতে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে আটটায় প্রচারিত হবে নাটক ফেরা। লিখেছেন কামরুল আহসান, পরিচালনা করেছেন ফজলুর রহমান। অভিনয় করেছেন আবুল হায়াত, মিরানা জামান, ঝুনা চৌধুরী, নাদিয়া, পরেশ আচার্য প্রমুখ।
২৫ বছর পর মেয়ে মীরাকে নিয়ে দেশে ফিরেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী অধ্যাপক আরেফিন আহমেদ। গ্রামে তাঁর অসুস্থ মা। তাঁকে দেখতেই দেশে এসেছেন আরেফিন। গ্রামের সবাই তাঁকে জ্ঞানী ভেবে সম্মান করছে, শ্রদ্ধা জানাচ্ছে; কিন্তু কেউ তাকে আপন মনে করছে না। একই ব্যবহার করছেন তাঁর মা-ও। এদিকে মীরা খুব সহজেই সবার সঙ্গে মিশে যায়। আর তখন আরেফিনের সামনে এসে দাঁড়ায় তার হারানো দুরন্ত কৈশোর। সেই ছেলেবেলাকে কাছে ফিরে পেতে চান তিনি। আর তখন মীরা তাঁকে হাত ধরে ফিরিয়ে নিয়ে যায় সেই ফেলে আসা জীবনে।
কারে তুমি বাসো ভালো
বিটিভিতে ঈদের দিন রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নাটক কারে তুমি বাসো ভালো। আনিসুল হকের রম্য গল্প ‘বিচ্ছেদের শেষ দিন’ অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন জাহিদ বাবুল। প্রযোজনা করেছেন এস এম শামীম।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের দুই নারী কর্মীকে নিয়ে কর্মকর্তা বেশ ঝামেলার মধ্যেই আছেন। এই নারী কর্মীরা কাজে একেবারেই মনোযোগী না, কাজে ভুল করে, দেরি করে অফিসে আসে। তাদের বেতন কাটতে কাটতে আর কিছুই অবশিষ্ট থাকে না। এই অফিসে একজন পুরুষ কর্মকর্তা নিয়োগ পান। এবার এই কর্মকর্তাকে নিয়ে ওই দুই নারী কর্মীর মধ্যে শুরু হয় প্রতিযোগিতা। একসময় তারা কর্মকর্তার মুখোমুখি হয়। তাদের মুখে প্রশ্ন: ‘তুমি আসলে কাকে ভালোবাসো?’
সংগীতানুষ্ঠান
বিটিভিতে ঈদের তৃতীয় দিন দুপুর ১২টা ১০ মিনিটে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান। উপস্থাপনা করেছেন রিতু ভূঁইয়া। প্রযোজনা করেছেন মো. সারোয়ার। অনুষ্ঠানে গান গেয়েছেন ফাহমিদা নবী, মৌটুসী, রিনভী, মেহ্রীন, সুস্মিতা সেন, অনুপমা মুক্তি, কনা, নির্ঝর, পুতুল, ইমরান, পূজা, প্রতীক হাসান, কোনাল ও কিশোর।
আনন্দ বিভ্রাট
বিটিভিতে ঈদের পরদিন বেলা একটায় প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ বিভ্রাট’। উপস্থাপনা করেছেন কাজী মমরেজ মাহমুদ। অনুষ্ঠানে গান গেয়েছেন বেলাল, পড়শী, ইমরান, চিরকুট, মোখলেসুল ইসলাম ও তাঁর ছেলে ফাহিম। নাচে অংশ নিয়েছেন নিসা ও হীরু এবং মেহজাবিন ও সোহাগ। আনুষ্ঠানে আরও আছে কৌতুক।
ব্যান্ড শো
বিটিভিতে ঈদের দিন সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে প্রচারিত হবে ব্যান্ড শো। অনুষ্ঠানে গান গেয়েছে ফিডব্যাক, ডিফরেন্ট টাচ, প্রমিথিউস, চিরকুট, তিশমা অ্যান্ড ফ্রেন্ডস, পেন্টাগন, জলের গান, হ্যাপিটাচ ও রকস অ্যান্ড মেলোডি। প্রযোজনা করেছেন ফজলে আজীম।