বিটিভি ও চ্যানেল নাইনে বিসিবি সেলিব্রেশন কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ মারুফ ও গাওসুল আলম শাওন
এম এ মারুফ ও গাওসুল আলম শাওন

‘বিসিবি সেলিব্রেশন কনসার্ট’ সরাসরি দেখাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও চ্যানেল নাইন। জানালেন শো পরিচালক ও গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশের মহাব্যবস্থাপক এম এ মারুফ। ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ২০১৪’ উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাল বৃহস্পতিবার আয়োজন করা হয়েছে এই কনসার্ট।
‘বিসিবি সেলিব্রেশন কনসার্ট’ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সহযোগিতা করছে গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ ও ব্লুজ কমিউনিকেশনস।
গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক গাওসুল আলম শাওন বলেন, ‘এরই মধ্যে আমাদের সবকিছু চূড়ান্ত হয়েছে। এ ধরনের কনসার্ট বাংলাদেশে এবারই প্রথম হচ্ছে। আন্তর্জাতিক মানের একটি কনসার্ট দর্শকদের উপহার দেওয়ার জন্য আমরা অত্যাধুনিক প্রযুক্তির আলো ও শব্দ যুক্ত করেছি। মূল কনসার্টে যাতে যেকোনো ধরনের অব্যবস্থাপনা না হয়, সেদিকেও কড়া নজর দেওয়া হচ্ছে।’
এম এ মারুফ বলেন, ‘বাংলাদেশের দর্শকদের জন্য তো বটেই, আমাদের সবার জন্যই এই মাপের কনসার্ট একটি নতুন অভিজ্ঞতা। এটি একটি মাইলফলক। এই কনসার্ট আয়োজনে আমাকে খুব বেশি সহযোগিতা করেছে গ্রের পরিচালক (অপারেশন) সাইফুল আজিম ও ব্লুজ কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদুল ইসলাম। কনসার্ট আয়োজনের পাশাপাশি আমরা সৌন্দর্যবর্ধন ও আলোকসজ্জার কাজ করছি।’
কাল কনসার্ট শুরু হবে বিকেল সাড়ে চারটায়। বিকেলের কনসার্টে গান করবে এলআরবি, মাইলস, সোলস আর অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস। সন্ধ্যায় মাঠে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে গান গাইবেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ ও মমতাজ। আরও থাকবে বাংলাদেশে ক্রিকেট বোর্ড আয়োজিত স্বাগত সংগীত ‘উড়ছে শান্তির পায়রা’ ও আইসিসি অফিশিয়াল ইভেন্ট গান ‘চার ছক্কা হইহই’।
এ আর রহমানের কনসার্ট শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। তার আগে ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহার করে তুলে ধরা হবে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস। কনসার্টের শেষে থাকবে আতশবাজি।