বিটিভি চট্টগ্রাম কেন্দ্র ছয় ঘণ্টার সম্প্রচারে যাচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র আজ শনিবার থেকে ছয় ঘণ্টার সম্প্রচারে যাচ্ছে। আজ বেলা সাড়ে ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্প্রচার অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
বিটিভির চট্টগ্রাম কেন্দ্র থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর নোয়াখালী ও সিলেট বিভাগের ইতিহাস-ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরা হবে। গত ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম কেন্দ্র চার ঘণ্টার পরীক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার শুরু করে। এর আগে দেড় ঘণ্টা করে অনুষ্ঠান সম্প্রচার করা হতো।
১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর বিটিভির চট্টগ্রাম কেন্দ্র যাত্রা শুরু করে। তখন এই কেন্দ্রের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, চট্টগ্রাম কেন্দ্রকে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্রে পরিণত করা হবে।
চট্টগ্রাম কেন্দ্রের দায়িত্বশীল সূত্র জানায়, আজ শনিবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচার শুরু হবে। চলবে রাত ১১টা পর্যন্ত। এর মধ্যে বিটিভির প্রচারিত রাত ৮টা ও ১০টার দুটি সংবাদ ঢাকা থেকে প্রচার করা হবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানও প্রচার করবে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র। চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম কেন্দ্রের ছয় ঘণ্টার সম্প্রচারের উদ্বোধন উপলক্ষে তথ্যসচিব, অতিরিক্ত সচিব এবং বিটিভির মহাপরিচালক চট্টগ্রামে অবস্থান করছেন।
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক মনোজ সেনগুপ্ত প্রথম আলোকে জানান, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি জানান, রোববার বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রতিদিন ছয় ঘণ্টা করে চট্টগ্রাম কেন্দ্র থেকে অনুষ্ঠান সম্প্রচার করা হবে। তবে শনিবার (আজ) প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শুরু হওয়ার আগেই সকাল ১০টা ৪০ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান শুরু হবে।