বিটিভি, মাছরাঙা আর গাজী টিভিতে বিশ্বকাপ ফুটবল সরাসরি

ব্রাজিলে আজ শুরু হচ্ছে ‘বিশ্বকাপ ফুটবল ২০১৪’। বাংলাদেশের দর্শকেরা উদ্বোধনী অনুষ্ঠানসহ বিশ্বকাপ ফুটবলের সব কটি খেলা সরাসরি দেখতে পাবেন বিটিভি, মাছরাঙা টিভি ও গাজী টিভিতে। সম্প্রতি এই তিনটি টিভি চ্যানেলের সঙ্গে টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের (টিএসএম) চুক্তি স্বাক্ষর হয়।
এদিকে খেলা সম্প্রচার নিয়ে গাজী টিভি, মাছরাঙা ও টিএসএমের সঙ্গে সনি এমএসএমের নিয়োগ দেওয়া এজেন্ট সেভেন থ্রি স্পোর্টসের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এরপর বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) সভাপতি কাজী সালাউদ্দিনের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় আলোচনায় সমঝোতা হয়। এর পরিপ্রেক্ষিতে টিএসএম আদালত থেকে মামলাটি প্রত্যাহার করে।
এ প্রসঙ্গে মঙ্গলবার কাজী সালাউদ্দিন বলেন, এই সৌহার্দ্যপূর্ণ মীমাংসা বাংলাদেশের ফুটবলপাগল দর্শকদের মাঝে স্বস্তি এনে দেবে। ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৪ বাংলাদেশে সম্প্রচার নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, সেটাও কেটে গেছে।