বিটিভিতে আজ ইত্যাদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভিতে আজ রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বিনোদননির্ভর ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। এবারের ইত্যাদি ধারণ করা হয়েছে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত বালিয়াটি জমিদারবাড়িতে। এবারের ইত্যাদিতেও রয়েছে বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। বগুড়া জেলার কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত আকবরিয়া গ্র্যান্ড হোটেলের ওপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন, যাঁরা বংশানুক্রমে তাঁদের ব্যবসার আয়ের একটা অংশ দরিদ্র ও দুস্থ মানুষের জন্য ব্যয় করে আসছেন। রাজশাহীর গোপালপুর গ্রামের খয়ের চাষের ওপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রণজিৎশ্বর গ্রামের বিত্তহীন সমাজসেবক আবেদ তেলীর ওপর রয়েছে একটি সচেতনতামূলক প্রতিবেদন। রয়েছে আমাদের লোকজ সংস্কৃতির জ্ঞানসাধকদের উত্তরসূরিদের মধ্যে অন্যতম মানিকগঞ্জের সাইদুর রহমান বয়াতির ওপর একটি বিশেষ প্রতিবেদন। এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে দুটি। মোহাম্মদ রফিকউজ্জামানের কথা ও আলী আকবর রুপুর সুরে একটি গেয়েছেন শিল্পী মমতাজ। আর লিটন অধিকারী রিন্টুর কথায় ও আলী আকবর রুপুর সংগীত পরিচালনায় আর একটি দ্বৈত সংগীতে কণ্ঠ দিয়েছেন শিল্পী এম এ শোয়েব এবং ডলি সায়ন্তনী। রয়েছে মামা-ভাগ্নে পর্বসহ আরও কিছু চমৎকার আইটেম। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।