বিটিভিতে এবারও উন্মুক্ত থাকছে ঈদের অনুষ্ঠান
বিটিভিতে ঈদের জন্য প্যাকেজের আওতায় অনুষ্ঠান নির্মাণের ব্যাপারটি এবারও উন্মুক্ত রাখা হচ্ছে। জানা গেছে, যেকোনো নির্মাতা বিটিভির ঈদের অনুষ্ঠানমালায় প্রচারের জন্য অনুষ্ঠান তৈরি করে জমা দিতে পারবেন। একটি মূল্যায়ন কমিটি সেসব থেকে যাচাই-বাছাই করে বিটিভির ঈদের অনুষ্ঠানমালার জন্য তা চূড়ান্ত করবে।বিটিভির একটি সূত্র জানিয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে নির্মাতাদের অনুষ্ঠান জমা দিতে হবে। ১ আগস্ট থেকে এসব অনুষ্ঠান যাচাই ও বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে। ঈদের ১৫ দিন আগেই সব অনুষ্ঠান চূড়ান্ত করার ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। আর দুয়েক দিনের মধ্যেই এই ঘোষণা বিটিভিতে বিজ্ঞপ্তি আকারে প্রচার করা হবে।জানা গেছে, এবার ঈদে বিটিভিতে সাত দিনের অনুষ্ঠান দেখানো হবে। এর মধ্যে ঈদের দিন থাকবে বিটিভির নিজস্ব অনুষ্ঠান। পরবর্তী ছয় দিন বিটিভির নিজস্ব অনুষ্ঠানের পাশাপাশি থাকবে প্যাকেজের আওতায় নির্মিত অনুষ্ঠান। এসব অনুষ্ঠানের মধ্যে থাকবে নাটক, টেলিছবি, গানের অনুষ্ঠান ও ম্যাগাজিন অনুষ্ঠান।বিটিভির মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী জানিয়েছেন, ঈদের জন্য এরই মধ্যে বিশেষ প্রিভিউ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরাই অনুষ্ঠানের মান যাচাই-বাছাই করবেন। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের অনুষ্ঠান প্রচার করা হবে। তিনি বলেন, ‘এর আগেও নিরপেক্ষতা বজায় রেখে বিটিভি ঈদে অনুষ্ঠান প্রচার করেছে। এবারও তার ব্যতিক্রম হবে না।’বিটিভিতে এবার ঈদে ২০টি নাটক, চারটি টেলিছবি, চারটি ম্যাগাজিন অনুষ্ঠান দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের দ্বিতীয় দিন বিকেল পাঁচটা থেকে নাটক দেখানো শুরু হবে। প্রিভিউ কমিটিতে সর্বাধিক নম্বর পাওয়া নাটকটি দেখানো হবে ওই দিন রাত আটটার বাংলা সংবাদের পর। রাত ১০টার খবরের পর ম্যাগাজিন অনুষ্ঠান।জানা গেছে, প্রিভিউ কমিটির সদস্যরা প্রথমে ছয়টি ‘এ’ গ্রেড পাওয়া নাটকের তালিকা চূড়ান্ত করবেন। এই ছয়টি নাটক দেখানো হবে প্রতিদিন রাত আটটার বাংলা সংবাদের পর। কোনটা কবে যাবে, তা চূড়ান্ত করবে বিটিভি কর্তৃপক্ষ।ঈদের চলচ্চিত্রের ব্যাপারে কাজী আবু জাফর সিদ্দিকী আরও বলেন, ‘বিটিভিতে ঈদের অনুষ্ঠানমালায় দেখানোর জন্য কাছাকাছি সময়ে মুক্তি পাওয়া এবং ভালো মানের ছবি সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে।’