বিটিভিতে জমা পড়েছে ২০টি নাটক সময় আবার বাড়ানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভিতে ঈদে প্রচারের জন্য প্যাকেজের আওতায় নির্মিত নাটক ও অনুষ্ঠান জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল ২৫ জুলাই। জানা গেছে, এই সময়ের মধ্যে মাত্র ২০টি নাটক জমা পড়েছে। নেই কোনো টেলিছবি কিংবা ম্যাগাজিন অনুষ্ঠান। নির্মাতাদের অভিযোগ, সময় কম হওয়ায় অনেকেই অনুষ্ঠান নির্মাণ করতে পারেননি। বিষয়টি বিবেচনা করে বিটিভি কর্তৃপক্ষ অনুষ্ঠান জমা নেওয়ার জন্য সময়সীমা বৃদ্ধি করেছে। জানা গেছে, ৩১ জুলাই পর্যন্ত আগ্রহী নির্মাতারা ঈদের জন্য নাটক, টেলিছবি এবং অন্যান্য অনুষ্ঠান জমা দিতে পারবেন।বিটিভির মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী বলেন, ‘অনেক নির্মাতাই সময় বাড়ানোর জন্য অনুরোধ করেছেন। আশা করছি, এই সময়ের মধ্যে নির্মাতারা তাঁদের অনুষ্ঠান জমা দিতে পারবেন।’বিটিভির অন্য একটি সূত্র জানিয়েছে, সাধারণত জমা দেওয়ার শেষ দিনেই নির্মাতারা তাঁদের অনুষ্ঠান জমা দিয়ে থাকেন। ৩১ জুলাইয়ে দেখা যাবে, একসঙ্গে অনেক নির্মাতা অনুষ্ঠান জমা দেবেন।এদিকে বিটিভির ঈদ আয়োজনে প্রচারের জন্য একাধিক চলচ্চিত্র জমা পড়েছে। বিটিভি এবার ঈদে সাত দিনব্যাপী অনুষ্ঠানমালা প্রচার করবে।