বিটিভিতে নাটক নিয়ে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভিতে অভিনব কায়দায় নাটক প্রচার করতে চেয়েছিলেন আল কাওসার কনক নামের এক ব্যক্তি। ২০০৮ সালে রোজার ঈদে এনটিভিতে প্রচারিত টেলিছবি নক্ষত্র-ঘাস-চন্দ্রমল্লিকার রাত-এর নাম, নাট্যকার ও পরিচালকের নাম এবং দৈর্ঘ্য পরিবর্তন করে একটি নাটক প্রচার করতে চেয়েছিলেন তিনি। ভালোবাসার রংধনু নামের এই নাটকের প্রমো দেখে টেলিছবির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাটি বিটিভি-কর্তৃপক্ষের নজরে আনেন। এর পর বিটিভির মহাপরিচালক ম হামিদের হস্তক্ষেপে নাটকটির পুনরায় প্রিভিউ করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ার পর গত মঙ্গলবার রাতে প্রচারের মাত্র আধঘণ্টা আগে ভালোবাসার রংধনু নাটকটি প্রত্যাহার করে নেন বিটিভি কর্তৃপক্ষ। নক্ষত্র-ঘাস-চন্দ্রমল্লিকার রাত টেলিছবিটি লিখেছিলেন মশিউল আলম, পরিচালনা করেছিলেন জুলহাজ নূর।বিটিভিতে ঈদের অনুষ্ঠানমালায় চতুর্থ দিন গত মঙ্গলবার রাত সাড়ে আটটায় প্রচারিত হওয়ার কথা ছিল ভালোবাসার রংধনু নাটকটি। জুলহাজ নূর অভিযোগ করে বলেন, ‘নক্ষত্র-ঘাস-চন্দ্রমল্লিকার রাত টেলিছবির দৈর্ঘ্য কমিয়ে নাটকে রূপান্তর করা হয়। নাম বদলে রাখা হয় ভালোবাসার রংধনু। রচয়িতা ও পরিচালকের স্থানে আল কাওসার কনকের নাম দেওয়া হয়।’গতকাল বুধবার বিকেলে মুঠোফোনে কথা হয় আল কাওসার কনকের সঙ্গে। তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেন। নিজেকে তিনি ভিডিও এডিটর বলে পরিচয় দেন। বলেন, ‘আমি চার বছর আগে নাটকটি আরেকজনের কাছ থেকে কিনেছি। এর পর রচয়িতা ও পরিচালকের জায়গায় আমার নিজের নাম বসিয়েছি। এবার ঈদে তা বিটিভিতে জমা দিই।’ বিটিভির মহাপরিচালক ম হামিদ বলেন, ‘এ ধরনের ঘটনা আরও ঘটেছে। আমরা এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’