বিটিভিতে ফরীদি
হুমায়ুন ফরীদি আমার খুব কাছের একজন মানুষ ছিল। আশির দশক থেকে আমার সঙ্গে তার পরিচয়। সেই পরিচয় থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার সঙ্গে সম্পর্কটা বজায় ছিল। আমার নাটক দিয়েই হুমায়ুন ফরীদি টেলিভিশনে অভিনয় শুরু করে। আশির দশকের শুরুর কথা। আমি তখন বিটিভির জন্য নিখোঁজ সংবাদ নাটকটি করছি। মুর্শেদ চৌধুরীর লেখা। রিহার্সেলও শেষ, শুটিংয়ে যাব। হঠাৎ নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ফরীদিকে সঙ্গে নিয়ে আমার কাছে এল। পরিচয় হলো। ওকে দেখিয়ে বাচ্চু আমাকে বলল, ‘নাটকে নেন। ও বিটিভির নাটকে ভালো করবে।’ তখন তো বিটিভির নাটকে অভিনয় করতে গেলে অডিশন দিয়ে পাস করতে হতো। কিন্তু ওর কোনো অডিশন নেওয়া হলো না। ওর সঙ্গে আমার কিছুক্ষণ কথা হলো। কথা বলে মনে হলো, ওকে দিয়ে কাজ করানো যাবে। আমি সঙ্গে সঙ্গে দুই-তিনটি সংলাপ ওর জন্য লিখলাম। নাটকটিতে ওর জন্য কোনো চরিত্রও ছিল না। চরিত্র লেখা হলো। শুটিং করা হলো। অসাধারণ অভিনয় করল। তবে যেহেতু এটা ছিল ওর জীবনে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো, সে কারণে ওর সংলাপগুলো ১২ বার ধারণ করতে হয়েছিল। সম্পাদনা করার সময় ১৮ বার কাটতে হয়েছে। যা-ই হোক, নাটকটি প্রচার হলো। ওর অভিনয় দেখে অভিনেতা খলিল ফোনে আমাকে জানালেন, বাংলাদেশ টেলিভিশনে অসাধারণ একজন অভিনয়শিল্পীকে আপনারা পেয়েছেন। এরপর তো হুমায়ুন ফরীদির অভিনয়জীবন ইতিহাস হয়ে গেল। সে সময় আমার একাধিক নাটকে অভিনয় করে সারা দেশের দর্শকের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করে ফরীদি। এর মধ্যে জহুরা, দূরবীণ দিয়ে দেখুন, আবহাওয়ার পূর্বাভাস, প্রতিধ্বনি, গুপ্তধন, সেই চোখ, অক্টোপাস, বকুলপুর কত দূর প্রভৃতি। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনে অন্যদের নাটকেও তার অসাধারণ অভিনয় দেখেছি—ভাঙনের শব্দ শুনি, সংশপ্তক প্রভৃতি। বাংলাদেশের অভিনয়ের কোনো ক্ষেত্রে ফরীদি জনপ্রিয়তা পাননি—এমন নজির খুঁজে পাওয়া যাবে না। ফরীদির মতো প্রতিভাবান অভিনয়শিল্পী আগামী ১০০ বছরেও পাওয়া যাবে কি না সন্দেহ। তার মতো ক্ষমতাবান অভিনেতা পাওয়ার জন্য যুগের পর যুগ অপেক্ষা করতে হবে। অথচ জীবদ্দশায় এত বড় মাপের এই শিল্পীর কপালে একুশে পদকসহ রাষ্ট্রীয় কোনো পদক জোটেনি। সিনেমা, নাটকে ভিলেনকে আমরা ভিলেন হিসেবেই দেখি, অথচ ফরীদি অভিনয়ের মাধ্যমে নিজের ভিলেন চরিত্রটিকেই দর্শকের কাছে নায়করূপে দেখিয়ে গেছে। হুমায়ুন ফরীদি অন্য কারও মতো শিল্পী নয়, ফরীদি ফরীদির মতোই। আমার ৫০ বছরের নাট্যজীবনে তার মতো এত বড় মাপের প্রতিভাবান শিল্পী আমি দেখিনি। কষ্ট পেয়েছে, আঘাতে আঘাতে জর্জরিত হয়েছে। কষ্ট, যন্ত্রণা, ব্যথা, জ্বালা ছিল বলেই ফরীদি এত বড় মাপের শিল্পী হতে পেরেছে।