বিটিভিতে বিজ্ঞাপনের অভাবে প্রচার হয়নি টেলিছবি ও নাটক
বিটিভির ঈদের অনুষ্ঠানমালায় প্রচারের জন্য টেলিছবি চূড়ান্ত করা হলেও শেষ পর্যন্ত তা আর প্রচার হয়নি। জানা গেছে, প্রয়োজনীয় বিজ্ঞাপন না পাওয়ায় এমনটি হয়েছে। গত বছরও ঘটেছে একই ঘটনা। মোটা অঙ্কের অর্থ ব্যয় করে তৈরি করা টেলিছবি প্রচারিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতারা। তাঁরা প্রশ্ন তুলেছেন, যদি টেলিছবির জন্য বিজ্ঞাপন পাওয়া না যায়, তাহলে কেন প্রতিটি টেলিছবির জন্য কর্তৃপক্ষ ১০ হাজার টাকার পে-অর্ডার জমা নিয়েছে? জানা গেছে, বিটিভিতে এবার ঈদে প্রচারের জন্য বেসরকারি পর্যায়ে নির্মিত নয়টি টেলিছবি জমা পড়ে। বিটিভির প্রিভিউ কমিটি চারটি টেলিছবি প্রচারের জন্য অনুমতি দেয়। আর তা প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয় বাংলা চলচ্চিত্রের জন্য বরাদ্দ করা সময়ে। কিন্তু তাতেও কোনো ইতিবাচক ফল হয়নি। আরও জানা গেছে, এবার ঈদে বিজ্ঞাপনের অভাবে পাঁচটি নাটকও প্রচারিত হয়নি। জানা গেছে, এই সময়গুলোতে প্রচারিত হচ্ছে বিটিভির নিজস্ব অনুষ্ঠান।বিজ্ঞাপন না পাওয়ার কারণ হিসেবে জানা গেছে, ঈদের কয়েক দিন আগে অর্থ মন্ত্রণালয় থেকে বিটিভির বিজ্ঞাপনের মূল্য বৃদ্ধির জন্য চিঠি আসে। মূল্য বৃদ্ধির কারণে বেসরকারি পর্যায়ে নির্মিত অনুষ্ঠানের পাশাপাশি বিটিভির নিজস্ব অনুষ্ঠানের জন্যও কাঙ্ক্ষিত বিজ্ঞাপন পাওয়া যায়নি। ফলে এবার ঈদে বিটিভির রাজস্ব আয় কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে।বিটিভির উপ-মহাপরিচালক ফরিদুর রহমান বললেন, ‘টেলিছবির ব্যাপারে নতুন করে ভাবতে হবে।’বিটিভির মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী বললেন, ‘যেসব টেলিছবি ও নাটক প্রয়োজনীয় বিজ্ঞাপন সংগ্রহ করতে পারেনি, সেগুলো প্রচারের জন্য ঈদের পর আবারও সুযোগ দেওয়া হতে পারে। এবার যদি বিজ্ঞাপন সংগ্রহ করা সম্ভব হয়, তাহলে আমরা সেগুলো প্রদর্শন করব।’