বিটিভিতে বিশ্বকাপ ফুটবল ও এশিয়া কাপ ক্রিকেট
বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে ১১ জুন আর এশিয়া কাপ ক্রিকেট ১৫ জুন। এই দুটি আসরের খেলাই সরাসরি দেখানোর ব্যবস্থা নিয়েছে বিটিভি কর্তৃপক্ষ। বিটিভির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বকাপ ফুটবলের ২৮টি খেলা সরাসরি দেখাবে বিটিভি। এর মধ্যে রয়েছে প্রথম পর্বে ১২টি, দ্বিতীয় পর্বের আটটি, কোয়ার্টার ফাইনাল পর্যায়ের চারটি, দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী এবং ফাইনাল খেলা। বিশ্বকাপ ফুটবলের খেলাগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটা, রাত আটটা ও রাত সাড়ে ১২টায়। বিটিভি গ্রুপ পর্ব থেকে প্রতিদিন একটি করে খেলা সরাসরি দেখাবে। বিশ্বকাপ ফুটবলের পাশাপাশি চলবে এশিয়া কাপ ক্রিকেট। শ্রীলঙ্কার এই ক্রিকেট আসরে অংশ নেবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারত। এই খেলাগুলো অনুষ্ঠিত হবে বেলা তিনটায়। বিটিভির ওই কর্মকর্তা জানিয়েছেন, এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের সব কটি খেলাই সরাসরি দেখানো হবে। এ ছাড়া বিশ্বকাপ ফুটবলের সূচির সঙ্গে মিলিয়ে আরও কয়েকটি ক্রিকেট খেলা দেখানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।