বিটিভিতে বিশ্বকাপ ফুটবলের ২৫টি ম্যাচ ও ‘কিক-অফ’
বিটিভি বিশ্বকাপ ফুটবলের ২৫টি ম্যাচ সরাসরি দেখাবে। এর মধ্যে রয়েছে প্রথম পর্বের ১২টি, দ্বিতীয় পর্বের আটটি, কোয়ার্টার ফাইনাল পর্যায়ের দুটি, দুটি সেমিফাইনাল এবং ফাইনাল খেলা। আজ সন্ধ্যা ছয়টা থেকে দেখানো হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর থাকবে দক্ষিণ আফ্রিকা বনাম মেক্সিকোর খেলা। এদিকে খেলার জন্য বিটিভির রাত আটটার সংবাদের সময় পরিবর্তন করা হয়েছে। বিটিভির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বকাপ ফুটবলের রাত আটটার খেলা যেদিন বিটিভি দেখাবে, শুধু সেদিনই এই সংবাদ সন্ধ্যা সাতটায় প্রচারিত হবে। আজ থেকে শুরু হচ্ছে কিক-অফ অনুষ্ঠান। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, প্রতিদিন বিটিভিতে খেলা দেখানোর আগে থাকবে ১২ মিনিটের এই অনুষ্ঠানটি। উপস্থাপনার দায়িত্বে আছেন মুনমুন ও সামিয়া। প্রথম দিন অতিথি হিসেবে থাকবেন পার্থ বড়ুয়া ও বাদল রায়। প্রতিদিনই বিভিন্ন অঙ্গনের ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হবে।